২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাষা নিয়ে বিশেষ আয়োজনের কারণ জানেন না রিজওয়ান

বাংলাদেশে পাওয়া ভালোবাসার কথা অবশ্য বারবার বললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 08:24 PM

Updated : 10 Feb 2023, 08:24 PM

অন্য সব ক্রিকেটারের মতো ‘অ আ ক খ’ আঁকা বাহুবন্ধনী পরেছেন মোহাম্মদ রিজওয়ান। বাংলা ভাষা নিয়ে এ দিন বিশেষ আয়োজনও তিনি দেখেছেন। তবে এসব আনুষ্ঠানিকতার কারণ তার জানা নেই। দল থেকে বলার পর অন্য সবার দেখাদেখি তিনিও এই বাহুবন্ধনী পরেছেন বলে জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ব্যাটসম্যান। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাস উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয় শুক্রবার বিপিএলের লিগ পর্বের শেষ দিনে। টিভি সম্প্রচারে এ দিন বাংলাদেশের ধারাভাষ্যকাররা ইংরেজির ফাঁকে বাংলাতেও ধারাভাষ্য দেন। বিদেশি ধারাভাষ্যকাররাও মাঝেমধ্যে ব্যবহার করেন কিছু বাংলা শব্দ। ধারাভাষ্যে তুলে ধরা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব। খেলা শুরুর আগে ও খেলার ফাঁকে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া হয় বাংলায়। 

ধারাভাষ্যকারদের গায়ে ছিল এ দিন পাঞ্জাবি, যেখানে ছিল বাংলা ভাষার ছোঁয়া। মাঠের বড় পর্দায় তুলে ধরা হয় ভাষার মাসের কিছু উক্তি। ক্রিকেটারদের জন্য ছিল বিশেষ ওই বাহুবন্ধনী। রিজওয়ানের বাঁ বাহুতেও সেই বন্ধনী দেখা যায়। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিজওয়ানকে জিজ্ঞেস করা হয় বিশেষ এসব আয়োজনের কারণ তিনি জানেন কি না। তিনি কারণ জানেন না, তবে এদেশে পাওয়া ভালোবাসার কথা বললেন বারবার।

“দুঃখিত যে আমি জানি না আজকে বাংলাদেশের জন্য কোন দিন, তবে শুভ কামনা সবসময় আছে। ব্যক্তিগতভাবে জানি না। তবে বাংলাদেশ থেকে সবসময় ভালোবাসা পেয়েছি…আমার কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, ক্রিকেটাররা, বিশেষ করে বাংলাদেশের সব মানুষের কাছ থেকে। পেশাওয়ারে যেরকম ভালোবাসা পাই, যেখানে আমি এখন থাকি, ঠিক একইরকম ভালোবাসা এখানে পাই। এখানে আর ওখানে খুব বেশি পার্থক্য আমি দেখিনি, সব জায়গায় ভালোবাসা পাই।” 

“এজন্যই বাংলাদেশকে শুভ কামনা জানাই। জানি না আজকে বাংলাদেশের জন্য কোন দিন, তবে শুভ কামনা জানাই। দলের চাওয়া ছিল সবাই এই বন্ধনী পরবে। সবাই যেহেতু পরেছে, তাই আমিও পরেছি।” 

একজন সংবাদকর্মী তখন তাকে জানালেন যে মাতৃভাষা দিবস উপলক্ষে এসব উদ্যোগ। রিজওয়ান বললেন, বাংলাদেশে এবার চার সপ্তাহ থেকে বেশ কিছু বাংলা শব্দ তিনি শিখেছেন। 

“আমি কিছু বাংলা শিখেছি, যেমন ‘ভালোবাসা, কেমন আছি’… আমি চেষ্টা করছি, শ্রীলঙ্কায় গেলে তাদের ভাষাও শেখার চেষ্টা করি। এই ধরনের ব্যাপারগুলি চেষ্টা করি আমি।”