বিদেশিদের বাংলা শেখাবে সিআইইউ
চট্টগ্রামে কর্মরত বিদেশি নাগরিক, বিনিয়োগকারী ও পেশাজীবীদের বাংলায় যোগাযোগ দক্ষতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
চট্টগ্রামে কর্মরত ও বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য বাংলা ভাষা শিক্ষার সার্টিফিকেট কোর্স চালু করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘সার্টিফিকেট কোর্স ইন বাংলা ফর ফরেইনার্স’ শীর্ষক এ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিসপ্রধান ড. সুসান ভিজ।
সিআইইউর উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন মো. খালেদ বিন চৌধুরী এবং চট্টগ্রামের ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের সদস্য ইয়ান ইয়িজিয়াং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে কর্মরত বিদেশি নাগরিক, বিনিয়োগকারী ও পেশাজীবীদের বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং স্থানীয়দের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে সিআইইউতে কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে স্থানীয়দের জন্য চীনা ভাষা শিক্ষার কার্যক্রমও শুরু হয়।
