চারিদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি: সংস্কৃতি প্রতিমন্ত্রী
ষড়যন্ত্র মোকাবিলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজ করা তাগিদ দিয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখতে পাওয়ার কথা বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সেইসঙ্গে ষড়যন্ত্র মোকাবিলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজ করা তাগিদ দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলা ভাষার নানা দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এক পৃষ্ঠা বাংলা শুদ্ধ ভাষায় লিখতে বললে অনেকেই তা পারবেন না। ই-কার, ঈ-কার, র-ফলা ও য-ফলার মত বিভিন্ন জটিলতার কারণে বাংলা ভাষা সহজভাবে অনুশীলন করা কঠিন হয়ে পড়েছে।
এ কারণে বাংলা ভাষাকে আধুনিকায়ন করতে ভাষা বিশেষজ্ঞরা আলোচনা করছেন বলে জানিয়েছেন আলী নেওয়াজ।
এর আগে রাজবাড়ী একাডেমির আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, দশম বাংলা উৎসব উদযাপন করা হচ্ছে। আয়োজনের উদ্দেশ্য হলে- শিক্ষার্থীদের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা বাড়ানো।
“আমরা চাই যে, ছেলে-মেয়েরা ভাষাকে ভালোবাসতে শিখুক। কারণ যে কোনো জিনিসের প্রতি ভালবাসা না থাকলে সেটা বিকশিত হবে না। সেজন্য আমরা শিক্ষার্থীদের মাঝে এমন একটি ধারণা তৈরি করে দিতে চাই যে এই ভাষাটি অমূল্য ভাষা। অনেক আত্মত্যাগের মাধ্যমে আমরা এই ভাষা পেয়েছি” বলেন তিনি।
সিদ্দিকুর রহমান বলেন, বাংলা উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন। উৎসবে ভাষা প্রতিযোগিতা, বানান শুদ্ধিকরণ, বিপরীত শব্দ লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
