বড়দিনে তিন কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি অনুদান দেওয়ার নির্দেশ সরকারপ্রধানে।
বড়দিন উপলক্ষে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তাদের আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি, অর্থাৎ তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
শিপুল বলেন, সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এসংক্রান্ত সারসংক্ষেপে অনুদান দেওয়ার বিষয়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উদ্যাপন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
