২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতিকে দুর্গা পূজায় ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 08:19 PM

Updated : 28 Sep 2026, 08:19 PM

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশে সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে বর্ণনা করে তিনি বলেছেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে। সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে সবাইকে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে সোমবার দুপুরে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন বলে তথ্য বঙ্গভবনের।

বিগত সরকারের সৃষ্টি করা সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “দেশের উন্নয়নে সবার প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একা কোনো পক্ষের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

“দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”

বিভিন্ন নৃ-গোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়ে অবগত রয়েছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বিষয় যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের একটি কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।”

বঙ্গভবনের প্রেস উইং বলছে, সাক্ষাৎকালে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আসন্ন দুর্গা পূজায় ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উপস্থিত থাকার বিষয়ে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

সাক্ষাতকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক জন গমেজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা সুশীল চন্দ্র বড়ুয়াসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহিউদ্দিন, রাষ্ট্রপতির সচিব এজেএম সালাহ উদ্দিন নাগরী ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।