২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির চোখে সুপার ওভারে যেখানে ভুল করেছে পাকিস্তান

সুপার ওভারে রান তাড়ায় পাকিস্তানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 09:19 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের প্রথম বলে ইফতিখার আহমেদকে স্ট্রাইকে পাঠানো পাকিস্তানের বড় ভুল মনে করছেন শাহিদ আফ্রিদি। বাঁহাতি পেসার সৌরভ নেত্রাভালকারের সামনে ডানহাতি ব্যাটসম্যানকে কেন শুরুতে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে স্মরণীয় এক জয় পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিপক্ষে মূল ম্যাচ টাই করার পর সুপার ওভারে দারুণ বোলিং-ফিল্ডিংয়ে ফল নিজেদের পক্ষে আনে আইসিসির সহযোগী দেশটি।

মূল ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রানে থামে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হারিয়ে সমান রানই করে স্বাগতিকরা। পরে সুপার ওভারে পাকিস্তানকে ১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি।

সেই লক্ষ্য তাড়ায় শুরুতে ফাখার জামান ও ইফতিখারকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আর যুক্তরাষ্ট্র বল হাতে তুলে দেয় নেত্রাভালকারের। বাঁহাতি এই পেসারের প্রথম বলটি ব্যাটেই লাগাতে পারেননি ইফতিখার। পরের বলে অবশ্য চার মারেন তিনি। তৃতীয় বলে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন ইফতিখার।

শেষ তিন বলে ১৫ রানের সমীকরণে ৮ রান করতে পারে পাকিস্তান। পুরো ওভারে একটি বলের মুখোমুখি হওয়ার সুযোগও পাননি ফাখার। নিজের ইউটিউব চ্যানেলে আফ্রিদি তুলে ধরেন, কোথায় ভুল করেছে তার উত্তরসূরিরা। 

“সুপার ওভারের প্রথম বল ফাখারের বদলে ইফতিখারকে খেলতে দিয়ে বড় ভুল করেছে তারা (পাকিস্তান)। বোলিংয়ের অ্যাঙ্গেলের কারণে বাঁহাতি পেসার ফাখারের জন্য সুবিধার হতো। বাঁহাতি পেসারের সামনে ইফতিখারকে কে পাঠিয়েছে, আমি জানি না।”

মূল ম্যাচে দারুণ বোলিং করেন বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। সুপার ওভারেও তার ওপর আস্থা রাখে পাকিস্তান। কিন্তু সেটার প্রতিদান দিতে পারেননি তিনি। এলোমেলো বোলিংয়ে গুরুত্বপূর্ণ ওভারে দেন ১৮ রান!

আমিরের মতো অভিজ্ঞ পেসারের কাছ থেকে এমন বোলিং একেবারেই আশা করেননি আফ্রিদি।

“মূল ম্যাচে সত্যিই দুর্দান্ত বোলিং করেছে মোহাম্মদ আমির। আমার ভাবনাও ছিল সুপার ওভারে তাকেই বোলিং দেওয়া হবে। কিন্তু সুপার ওভারে সে অনেক অতিরিক্ত রান দিয়েছে, যা পাকিস্তানের ক্ষতি করেছে। সে অভিজ্ঞ এবং জানে কীভাবে ইয়র্কার করতে হয়। বল রিভার্স সুইংও করছিল, এই কারণে আমি ভেবেছিলাম সে বেশি রান দেবে না।”

হার দিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তানের পরের ম্যাচ আগামী রোববার; নিউ ইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।