২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

এশিয়া অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৮ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:21 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি রোববার নিজেদের ওয়েবসাইটে এর গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে। 

মালয়েশিয়ায় অনুষ্ঠেয় প্রতিযোগিতাটির দ্বিতীয় আসরে ‘ডি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। সেখানে তাদের অন্য দুই সঙ্গী অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। 

‘এ’ গ্রুপে আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ডের সঙ্গী যুক্তরাষ্ট্র। আর ‘সি’ গ্রুপে খেলবে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দল।

আগামী ১৮ জানুয়ারি শুরু হবে মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ের এই বিশ্বকাপ। ওই দিন এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তাদের পরের ম্যাচ ২০ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২২ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

প্রথম আসরের মতোই হবে এবারের টুর্নামেন্ট। গ্রুপ পর্ব থেকে তিনটি করে দল খেলবে সুপার সিক্সে। সেখানে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো থাকবে একটি গ্রুপে। আরেক গ্রুপে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো।

গ্রুপ পর্বে বাদ পড়ে যাওয়া চারটি দলের জন্য রয়েছে আরও একটি করে ম্যাচ। ‘এ’ গ্রুপের চতুর্থ দল খেলবে ‘ডি’ গ্রুপের চতুর্থ হওয়া দলের বিপক্ষে। একই ভাবে মুখোমুখি হবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দল দুটি।

সুপার সিক্সে প্রতিটি দল পাবে স্রেফ দুটি করে ম্যাচ। অন্য গ্রুপ থেকে আসা পয়েন্ট টেবিলের সমপর্যায়ের দলের বিপক্ষে ম্যাচ খেলবে না তারা। অন্য দুটি দলের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। স্বাভাবিকভাবেই নিজ গ্রুপ থেকে আসা দল দুটির বিপক্ষেও নেই কোনো ম্যাচ।

সুপার সিক্সে ওঠা দলগুলোর সঙ্গী হবে তাদের গ্রুপ পর্বের পয়েন্ট। তবে নিজ গ্রুপের অন্য যে দুই দল সুপার সিক্সে উঠবে তাদের বিপক্ষে পাওয়া পয়েন্টই থাকবে নামের পাশে। অর্থাৎ বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়, তাহলে সুপার সিক্সে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া পয়েন্ট।

এরপর যোগ হবে সুপার সিক্সের দুই ম্যাচের পয়েন্ট। এভাবে পয়েন্ট হিসাব করে ঠিক হবে সেমি-ফাইনালে ওঠার ভাগ্য।

সেমি-ফাইনাল দুটি মাঠে গড়াবে একই দিনে, আগামী ৩১ জানুয়ারি। শেষ চারের লড়াইয়ের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচটির জন্যও রয়েছে রিজার্ড ডে।

২০২৩ সালের আসরে ভালোই খেলেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে উঠেছিল তারা। সেখানে দুই ম্যাচের একটিতে জয় পায় তারা। তৃতীয় হয়ে আসর শেষ করে দলটি।

সুপার সিক্সে এক নম্বর গ্রুপের প্রথম চারটি দলের পয়েন্ট সমান ৬ হলেও রান রেটের কারণে শেষ চারে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। সেমি-ফাইনালে ওঠে ভারত ও অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত।