পাকিস্তানকে যে সমস্যার সমাধান করতে বললেন রমিজ রাজা
বাবর আজমের ওপর দলের অতি নির্ভরতা কমাতে হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিংয়ে বড় সমস্যা দেখছেন রমিজ রাজা। স্পিন বোলিংয়ের বিপক্ষে উত্তরসূরিদের দুর্বলতা বেশ ভাবাচ্ছে দেশটির সাবেক এই অধিনায়ক ও ধারাভাষ্যকারকে। আসছে বড় দুটি টুর্নামেন্টে ভালো করতে হলে দলকে দ্রুতই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে বলে মনে করেন তিনি।
শ্রীলঙ্কার হাম্বানতোতায় মঙ্গলবার প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের স্পিন বোলিংয়ের সামনে নাকাল হয় পাকিস্তানের ব্যাটিং। আফগানদের বিপক্ষে এই সংস্করণে প্রথমবারের মতো হয় অল আউট, ২০১ রানে।
১০ উইকেটের ৮টিই নেন আফগানিস্তানের স্পিনাররা। এর মধ্যে মূল তিন স্পিনার মুজিব উর রহমান, মোহাম্মদ নবি ও রাশিদ খান মিলে নেন ৭টি।
যদিও ফাস্ট বোলার হারিস রউফের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে স্রেফ ৫৯ রানে থামিয়ে বড় জয়ই পায় বাবর আজমের দল।
তবে এই সিরিজের পর শ্রীলঙ্কাতেই হবে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ। টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানেও। এরপর ভারতে হবে বিশ্বকাপ। এসব জায়গায় স্পিন সহায়ক কন্ডিশনে খেলা হবে বলেই ধারণা করা হচ্ছে।
তাই এশিয়ান কন্ডিশনে স্পিন বোলিং মোকাবেলায় পাকিস্তানের ব্যাটসম্যানদের আরও ভালো হতে হবে, পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে বললেন রমিজ।
“স্পিন বোলিংয়ের বিপক্ষে পাকিস্তান সমস্যায় পড়ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান করতে হবে, কারণ ওখানেও তাদের একই কন্ডিশনে খেলতে হবে। যদি আমরা এই সমস্যার সমাধান না করি, তাহলে টুর্নামেন্টে সামনে এগোনো সত্যিই কঠিন হবে।”
প্রথম ওয়ানডেতে রহস্য স্পিনার মুজিবের বলে শূন্য রানে আউট হন পাকিস্তান অধিনায়ক বাবর। ইমাম-উল-হক (৬৯) ও শাদাব খান (৩৯) ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেননি আর কেউ। বাবরের ওপর দলের অতি নির্ভরতা কমাতে হবে বলেও মনে করেন রমিজ।
“পাকিস্তান দল বাবর আজমের ওপর অনেক বেশি নির্ভরশীল, সেটা টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে বা টি-টোয়েন্টি। শূন্য রানে আউট হলেও সে খবরের শিরোনাম হয়।”
