৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

জাকিরের ব্যাটে তামিমের ছায়া দেখছেন ডমিঙ্গো

অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনারের কাছে চট্টগ্রাম টেস্টে ভালো শুরু চান বাংলাদেশের প্রধান কোচ।

জাকিরের ব্যাটে তামিমের ছায়া দেখছেন ডমিঙ্গো

চট্টগ্রামে মঙ্গলবার অনুশীলনে জাকির হাসান। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই ব্যাটসম্যানের। 

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 05:07 PM

Updated : 13 Dec 2022, 05:32 PM

টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করছেন একজন বাঁহাতি ওপেনার। তার ব্যাটে দ্রুত রান তোলার তাড়া। ব্যস, চোখ বন্ধ করেই সবাই বুঝে ফেলার কথা, কাকে নিয়ে কথা হচ্ছে। তামিম ইকবাল ছাড়া আর কে! তবে এবার রাসেল ডমিঙ্গোর এই আলোচিত চরিত্র তামিম নয়, বরং নতুন মুখ জাকির হাসান। তামিমও অবশ্য আলোচনায় থাকলেন। বাংলাদেশের প্রধান কোচ মিল খুঁজে পাচ্ছেন এই দুজনের খেলার ধরনে। 

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দল দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকির। তার পথচলা এবার স্কোয়াড থেকে মিশে যাচ্ছে একাদশের সীমানায়। ডমিঙ্গো নিশ্চিত করে দিয়েছেন, চট্টগ্রামে টেস্ট অভিষেক হচ্ছে সিলেটের জাকিরের। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছেন ২৪ বছর বয়সী ওপেনার। 

তার আন্তর্জাতিক অভিষেক অবশ্য আগেই হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে একনিষ্ঠ অনুসারী না হলে এবং স্মৃতিশক্তি খুব প্রখর না হলে তা মনে রাখা কঠিন। সেই ২০১৮ সালের ফেব্রুয়ারিতে একটি টি-টোয়েন্টি খেলেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে। ইনিংস শুরু করতে নেমে ৯ বলে ১০ রান করে আউট হন। এরপর আর জাতীয় দলের কাছাকাছিও আসতে পারছিলেন না। 

ঘরোয়া ক্রিকেটে অবশ্য পারফর্ম করছিলেন মোটামুটি। গত মৌসুম থেকে পারফরম্যান্সে জোয়ার আসে উন্নতির। সেই স্রোতে ভেসেই এখন তিনি ক্রিকেটের সবচেয়ে কঠিন ও অভিজাত সংস্করণে পা রাখার অপেক্ষায়। 

এ বছর জাতীয় লিগে ৫৫.২৫ গড়ে সর্বোচ্চ ৪৪২ রান তার, গত বিসিএলে করেন ৯৯ গড়ে ৩৯৬ রান। এছাড়া গত ঢাকা প্রিমিয়ার লিগে ৪২.৪০ গড় ও ৯২.০৪ স্ট্রাইক রেটে করেন ৬৩৬ রান। 

ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলের আসা পথে যে দেয়াল, সেটি তিনি ভেঙে ফেলেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পারফরম্যান্সে। কদিন আগে ভারত ‘এ’ দলের হয়ে আনঅফিসিয়াল টেস্টে কক্সবাজারে ১৭৩ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন তিনি প্রায় ১০ ঘণ্টা উইকেটে কাটিয়ে। এরপর টেস্ট দলে ডাক পাওয়া অনেকটা অবধারিতই ছিল। বিশেষ করে, তামিম ইকবাল যখন ছিটকে গেলেন। 

টেস্ট ক্রিকেটে জাকিরের শুরুটায় মিশে থাকছে তামিমের নামও। অভিজ্ঞ ওপেনারের না থাকাটাই সুগম করেছে জাকিরের টেস্ট অভিষেকের পথ। 

টেস্টের আগে দুই দিনে অনুশীলনে জাকিরকে কাছ থেকে দেখেছেন ডমিঙ্গো। সেখানে তার মনে পড়ছে তামিমকে। নবীন ওপেনারের কাছে নিজের চাওয়াটাও জানিয়ে রাখলেন বাংলাদেশ কোচ। 

“জাকিরকে নিয়ে আমি রোমাঞ্চিত। মনে হচ্ছে, ওর প্রাণশক্তি প্রচুর। জানি যে সে ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছে। এ দেশে এরকম অবশ্য অনেকেই আছে যে স্রেফ একটি ম্যাচ খেলেছে। তবে সে ঘরোয়া ক্রিকেটে অসাধারণরকম ভালো পারফর্ম করেছে।” 

“যেভাবে সে সবসময় রান করার সুযোগ খোঁজে, এটা দেখে আমার ভালো লেগেছে। তার ব্যাটিংয়ের ধরন কিছুটা তামিমের মতো, বেশ ভালো ও ইতিবাচক। আশা করি, কালকে সে আমাদের ভালো ও দ্রুত একটা শুরু এনে দিতে পারবে।” 

বয়স ২৪ হলেও ঘরোয়া ক্রিকেটে এখন অনেক পরিণত জাকির। ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়ে গেছে। চার হাজারের বেশি রান করেছেন ১৩ সেঞ্চুরি ও ৪১.২৭ গড়ে। গত পাঁচ বছরে বেশ কিছু ম্যাচ খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়েও। এবার তার শীর্ষ পর্যায়ে নিজেকে মেলে ধরার পালা।