২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ক্রিকেটার নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া!

ছয় ক্রিকেটার বিশ্রামে থাকায় প্রস্তুতি পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের সদস্যদের দেখা যেতে পারে মাঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 04:30 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

আইপিএলে টানা খেলার ধকল কাটানোর জন্য সাময়িক ছুটি পেয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার। এর প্রভাব পড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে। সে প্রভাব এতটাই যে, টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপ দলের শুধু ৯ ক্রিকেটারকে পাচ্ছে তারা! ফলে পুরো দল নামাতে হলে কোচিং স্টাফদের ডাকতে হবে অস্ট্রেলিয়াকে!

সদ্য সমাপ্ত আইপিএলের ফাইনাল খেলেছেন ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স। প্লে-অফে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। তাদের ৫ জনকেই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কিছু দিনের ছুটি দেওয়া হয়েছে।

এছাড়া এখনও দলের সঙ্গে যোগ দেননি মার্কাস স্টয়নিস। এই ছয়জনকে ছাড়াই প্রস্তুতি পর্বের ম্যাচগুলো খেলতে হবে অস্ট্রেলিয়াকে। তবে মূল পর্ব শুরু আগেই তারা সবাই বার্বাডোজে দলের সঙ্গে যোগ দেবেন।

ত্রিনিদাদের পোর্ট অব স্পেইনে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম প্রস্তুতি ম্যাচ। একই মাঠে শুক্রবার একই সময়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা।

এই পর্বে বিশ্বকাপ স্কোয়াডের সবাইকে না পেলেও চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক। বরং ক্রিকেট অস্ট্রেলিয়ায় প্রকাশিত প্রতিবেদনে সতীর্থদের বিশ্রামের গুরুত্বের কথা বলেছেন মিচেল মার্শ।

“নমনীয় থাকা জরুরি। ছেলেরা আইপিএলে ছিল। তারা অনেক ক্রিকেট খেলেছে। তাই আমরা তাদের বিশ্রামকে প্রাধান্য দিয়েছি। বাড়িতে পরিবারের সঙ্গে থাকুক, সতেজ হোক এবং এই লম্বা টুর্নামেন্টে (বিশ্বকাপ) খেলুক। আমরা শেষ পর্যন্ত ১৫ জনের সবাইকেই পাব। তবে বাড়িতে অল্প কিছু দিন কাটানোর জন্য হলেও তাদের বিরতি দেওয়াটা গুরুত্বপূর্ণ।”

আইসিসির নিয়মের কারণে বিশ্বকাপে ভ্রমণসঙ্গী রিজার্ভ হিসেবে ডাক পাওয়া জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্টও প্রস্তুতি পর্বের ম্যাচ দুটি খেলতে পারবেন না। তাই মূল পর্ব শুরুর আগে দলের সঙ্গে ক্যারিবিয়ানে যোগ দেবেন তারা।

মূল স্কোয়াডের ৬ ক্রিকেটার বিশ্রামে থাকায় নামিবিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের সদস্যদের মাঠে দেখা যেতে পারে। বিশ্বকাপের জন্য কোচিং স্টাফে যুক্ত হয়েছেন ব্র্যাড হজ। এছাড়া প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ বা নির্বাচক জর্জ বেইলিকেও ফিল্ডিংয়ে নামানো হতে পারে।

আরেক সহকারী কোচ ড্যানিয়েল ভেটোরিও অবশ্য থাকবেন দলের সঙ্গে। তবে তিনি কখনও অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট না খেলায় প্রস্তুতি পর্বের ম্যাচ দুটিতে মাঠে নামতে পারবেন না।

বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ৬ জুন। বার্বাডোজে ওমানের বিপক্ষে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।