২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র বলেই পাকিস্তান ‘রিল্যাক্সড’ ছিল, স্বীকার করলেন বাবর

প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট গুরুত্ব দেয়নি পাকিস্তান, হেরে যাওয়ার পর বললেন অধিনায়ক বাবর আজম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 08:11 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের গ্যালারি দেখে বোঝা কঠিন ছিল, স্বাগতিক দল কোনটি। পাকিস্তানের সমর্থকে গ্যালারি ছিল প্রায় ভরা, যুক্তরাষ্ট্রের সমর্থক ছিলেন গুটিকয়। সুপার ওভারের নাটকীয়তায় অবিস্মরণীয় জয়ের পর সেই অল্প কজন দর্শক আর যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের উল্লাস-ধ্বনি ছড়িয়ে পড়ল চারপাশে। পাকিস্তানের সমর্থকরা তখন হতবিহবল, যেন বুঝে উঠতে পারছিলেন না কী হয়ে গেল। তাদের ক্রিকেটারদের চোখে-মুখে তখন রাজ্যের আঁধার।

সেই আঁধারকে সঙ্গী করে সংবাদ সম্মেলনে এলেন বাবর আজম। এমন কিছু হতে পারে, ম্যাচের আগে তার কল্পনাতেও ছিল না তা। পাকিস্তান অধিনায়ক এক পর্যায়ে স্বীকার করে নিলেন, যুক্তরাষ্ট্রকে কিছুটা হালকাভাবেই নিয়েছিলেন তারা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা দল তারা। এবার তাদের শুরুটা হলো বিব্রতকর এক হার দিয়ে। ডালাসে বৃহস্পতিবার তারা হেরে যায় যুক্তরাষ্ট্রের কাছে। মূল ম্যাচ ‘টাই’ হওয়ার পর সুপার ওভারে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে জিতে যায় স্বাগতিক দল। 

ম্যাচের পর হতাশা লুকালেন না বাবর আজম, প্রাপ্য কৃতিত্ব দিলেন তিনি যুক্তরাষ্ট্রকেও।

“অবশ্যই হতাশ আমি। তিন বিভাগেই আমরা ভালো ছিলাম না। বোলিংয়ে আমরা শুরুতে উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলোয় স্পিনাররাও উইকেট না পাওয়ায় আমরা চাপে পড়ে যাই। ১০ ওভারের পর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। তবে তারা যেভাবে শেষ করেছে এবং সুপার ওভারে যেভাবে খেলেছে, কৃতিত্ব দিতেই হবে তাদেরকে।”

ব্যাটিংয়ের শুরুটা পাকিস্তানের ছিল বাজে। পাওয়ার প্লেতে তারা ৩০ রান তুলতে হারায় ৩ উইকেট। বাবর তখনও টিকে ছিলেন। কিন্তু ৪৩ বল খেলে পাকিস্তান অধিনায়ক রান করতে পারেন মোটে ৪৪। শাদাব খানের ২৫ বলে ৪০ রানের ইনিংস একটু গতিময় করে দলের রানের চাকাকে। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ২৩ রান দলকে পার করায় দেড়শ।

১৬০ রান দাড়ায় যুক্তরাষ্ট্র এগিয়ে যায় বেশ ভালোভাবেই। ১৩ ওভার শেষে তাদের রান ছিল ১ উইকেটে ১০৪। পরে পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে জয়ের সুবাসও পেতে শুরু করে। শেষ ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন পড়ে ১৫ রানের। সেখানে হারিস রউফের বলে অ্যারন জোন্সের ছক্কা ও শেষ বলে নিতিশ কুমারের বাউন্ডারিতে ম্যাচ টাই করতে পারে তারা।

সুপার ওভারে বাবর আজম ভরসা রাখেন মোহাম্মদ আমিরের ওপর। মূল ম্যাচে চার ওভারে যিনি রান দেন কেবল ২৫। কিন্তু সুপার ওভারে খেই হারান অভিজ্ঞ এই পেসার। তার প্রথম বলে চার মারেন জোন্স। পরের সময়টায় আমির ওয়াইড করেন তিনটি। সেই ডেলিভারিগুলোয় কিপার ও ফিল্ডারদের আলগা ফিল্ডিংয়ে বাইসহ রান আসে মোট সাত। সুপার ওভারে মোট ১৮ রান তোলে যুক্তরাষ্ট্র, পাকিস্তান করতে পারে ১৩। 

বাবর জানালেন, সুপার ওভারে আমিরকে বিশেষ কোনো পরামর্শ তিনি দেননি। ‘বাই’ রানগুলোর জন্য প্রতিপক্ষ ব্যাটসম্যানদের প্রত্যুৎপন্নমতিত্বকে কৃতিত্ব দিলেন তিনি। 

“সে (আমির) তো অভিজ্ঞ বোলার। কীভাবে বল করতে হয়, তার জানা আছে। আমরা চেষ্টা করেছি, ফিল্ডিং সাজানো অনুযায়ী বল করতে। তবে আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের ব্যাটাররা আরও স্মার্ট। কিপারের কাছে বল রেখেই তারা রান নিয়েছে। এটা সুপার ওভারে তাদের জন্য বাড়তি সহায়তা করেছে।”

বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে পাকিস্তান। বিশ্বকাপে তাই আনুষ্ঠানিক গা গরমের ম্যাচ তারা খেলেনি। প্রস্তুতির কোনো ঘাটতিও বাবর দেখছেন না। পাকিস্তান অধিনায়ক বললেন মানসিক ঘাটতির কথা, প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব তারা দেননি। 

“যে কোনো টুর্নামেন্টের জন্যই প্রস্তুতি তো সবসময়ই সর্বোচ্চ থাকে। এখানে মানসিকতার ব্যাপার বলতে পারেন। এই ধরনের দল যখন সামনে থাকে, দল হিসেবে কিছুটা রিল্যাক্সড হতে পারেন আপনি, সবকিছু কিছুটা সহজভাবে নিতে পারেন।”

“যে কোনো দলের বিপক্ষেই পরিকল্পনার বাস্তবায়ন করতে না পারলে তারা ম্যাচ বের করে নেবে, যেমন দলই হোক। আমার মতে, বাস্তবায়ন ঠিকঠাক করতে পারিনি আমরা। প্রস্তুতি আমাদের ভালো ছিল। কিন্তু দল হিসেবে পরিকল্পনার প্রয়োগ করতে পারিনি।”