ম্যাচ জিতলেও শান্ত মানছেন, ‘ব্যাটিং ভালো হয়নি’
ব্যাটিংয়ের ধারাবাহিক ব্যর্থতায় অবশ্য দুর্ভাবনার কিছু দেখেন না বাংলাদেশ অধিনায়ক।
লক্ষ্য তেমন বড় নয়। নেই রান রেটের চাপ। উইকেটও তেমন ভয়ানক কিছু নয়। তবু শুরুতে চাপে পড়ে গেল বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের ঝড়ের সঙ্গে লিটন দাসের দায়িত্বশীল ইনিংস দেখাল পথ। এরপর আবার জেগে উঠল শঙ্কা। সব ছাপিয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেল স্বস্তির জয়।
১২৫ রানের লক্ষ্য তাড়া করতে খেলতে হয়েছে ১৯ ওভার। ড্রেসিং রুমে ফিরেছেন ৮ ব্যাটসম্যান। তাই কোনো রাখঢাক না রেখে নাজমুল হোসেন শান্ত মেনে নিয়েছেন, তার দলের ব্যাটিং ভালো হয়নি।
বেশ কয়েক বছর ধরেই টপ-অর্ডারের সমস্যায় ভুগছে বাংলাদেশ। বিচ্ছিন্ন কিছু ম্যাচ বাদ দিলে পাওয়ার প্লেতে ২-৩ উইকেট হারানো তাদের জন্য নিয়মিত ঘটনা। যার ব্যতিক্রম হয়নি শ্রীলঙ্কার বিপক্ষেও।
প্রথম ওভারে ধানাঞ্জয়া ডি সিলভার শিকার সৌম্য সরকার। পরের ওভারে নুয়ান থুশারার বলে বোল্ড তানজিদ হাসান। পাওয়ার প্লের শেষ ওভারে দুই বাঁহাতি ওপেনারের পথ ধরেন শান্তও। তিন জনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
এরপর হৃদয় ও লিটন মিলে মাত্র ৩৮ বলে ৬৩ রানের জুটি গড়েন। দুজনের বিদায়ের পর সাকিব আল হাসান, রিশাদ হোসেনরা হতাশ করেন। ফলে জাগে পরাজয়ের শঙ্কা। এক প্রান্ত ধরে রেখে মাহমুদউল্লাহ নিশ্চিত করেন জয়।
অথচ ব্যাটসম্যানদের জন্য দারুণ এক মঞ্চই সাজিয়ে দিয়েছিলেন বোলাররা। শ্রীলঙ্কার ভালো শুরুর পর অসাধারণ বোলিংয়ে ঘুরে দাঁড়ান রিশাদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। পাওয়ার প্লেতে ৫৩ রানের পর বাকি ১৪ ওভারে মাত্র ৭১ রান করতে পারে লঙ্কানরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই বোলারদের নিয়ে উচ্ছ্বসিত শান্ত।
“আমরা সবাই জানতাম এই ম্যাচ কত গুরুত্বপূর্ণ। আমরা বোলিংয়ে শুরুটা ভালো পাইনি। তারপরে যেভাবে সবাই শান্ত ছিল...সবাই অনেক দৃঢ়তা দেখিয়েছে।”
“কিন্তু ব্যাটিং ভালো হয়নি। তবে এই ধরণের উইকেটে বা চাপের ম্যাচে এরকম হবে। কারণ ওদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ওরাও অনেক চেষ্টা করেছে। দিনশেষে দুইটা পয়েন্ট পেয়েছি, এজন্য ভালো লাগছে।”
ব্যাটিংয়ের ধারাবাহিক ব্যর্থতায় অবশ্য দুর্ভাবনার কিছু দেখেন না বাংলাদেশ অধিনায়ক। তবে ব্যাটসম্যানদের কাছে নিজের চাওয়াটা পরিষ্কার করে জানিয়েছেন তিনি।
"আমার মনে হয় না চিন্তার খুব বেশি কারণ আছে। কারণ চাপের ম্যাচ ছিল। দিন শেষে আমরা জিততে চেয়েছি। ফলের কথা চিন্তা করলে আমরা দুটি পয়েন্ট পেয়েছি। ব্যাটসম্যানরা সবাই হয়তো জানে, আমরা ভালো খেলিনি। তবে সবাই প্রতিদিন ভালো খেলবে না।"
“তবে হৃদয় খুব ভালো একটা ইনিংস খেলেছে। রিয়াদ ভাই খেলাটা শেষ করল। লিটন অনেকদিন পর সুন্দর একটা শুরু এনে দিয়েছে। কিছু কিছু জায়গায় ভালো আছে। আমি আশা করব, যে যেদিন সেট হবে সে যেন সেদিন ম্যাচটা জেতায়। আশা করি না যে, সাতজনই ভাল করবে।"
নিউ ইয়র্কে সোমবার রাতে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
