অস্ট্রেলিয়ার এমসিজিতে ‘হাউজ অব রউফ’ স্ট্যান্ড
আসছে বিগ ব্যাশে পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের জন্য বরাদ্দ থাকবে স্ট্যান্ডটি।
পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের জন্য অভিনব এক উদ্যোগ নিয়েছে মেলবোর্ন স্টার্স। বিগ ব্যাশের আগামী আসরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ‘হাউজ অব রউফ’ নামের একটি স্ট্যান্ড কেবল তাদের জন্য বরাদ্দ রাখবে ফ্র্যাঞ্চাইজিটি।
মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট বলেছেন, ফ্র্যাঞ্চাইজিটিকে সমর্থন করা পাকিস্তানি ভক্তদের সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছেন তারা।
“আমরা চাই পাকিস্তানি সমর্থকরা (স্টেডিয়ামে) আসুক, আমাদের ম্যাচ উপভোগ করুক এবং তাদের ঐতিহ্য তুলে ধরুক।”
পাকিস্তানের গতিময় পেসার হারিস রউফের নামে নামকরণ করা এই স্ট্যান্ডটি ম্যাচের দিন সমর্থকদের জন্য তৈরি করবে প্রানবন্ত এক পরিবেশ। যেখানে খাবার, সংগীতের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক আয়োজন।
অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০১৯ সাল থেকে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন রউফ। ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন তিনি।
টুর্নামেন্টটিতে নিজের প্রথম আসরে (২০১৯-২০) হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে ২৭ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন রউফ। স্বীকৃতি টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ার সেরা বোলিং।
ওই আসরেই সিডনি থান্ডারের বিপক্ষে হ্যাটট্রিক করেন রউফ। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা তার একমাত্র হ্যাটট্রিক।
আগামী ১৪ ডিসেম্বর পার্থ স্কর্চার্স-সিডনি সিক্সার্স ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশ। মেলবোর্ন স্টার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর, প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্স।
