২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেগ স্পিন স্বপ্নে রিশাদের রঙ

বাংলাদেশের প্রথম বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নেমেই দারুণ উজ্জ্বল রিশাদ, নিজের এগিয়ে চলার প্রমাণ রাখলেন তিনি ক্যারিয়ার সেরা বোলিংয়ে।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, ডালাস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 09:23 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

মাহমুদউল্লাহ ফিল্ডিং করছিলেন লং অফ সীমানায়। সেখান থেকে তিনি ছুটে গেলেন মাঠের মাঝে। মাত্রই স্পেল শেষ করা রিশাদ হোসেনের পিঠ চাপড়ে দিতেই মাহমুদউল্লাহর এই লম্বা দৌড়। তরুণ লেগ স্পিনারকে অভিনন্দন জানালেন কিপার লিটন কুমার দাস ও আশেপাশে থাকা অন্যরাও। এতটা দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ, এসব বাহবা তার প্রাপ্যই। 

রিশাদের বিশ্বকাপ অভিষেক এই ম্যাচ দিয়েই। বড় মঞ্চে তার প্রথম পদক্ষেপে মিশে আছে বাংলাদেশের ক্রিকেটেরও একটি প্রথম। বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার বিশ্বকাপের স্বাদ পেলেন এই প্রথমবার! পথচলার শুরুতেই রিশাদ বুঝিয়ে দিলেন, তার এই ভ্রমণ হতে যাচ্ছে দীর্ঘ ও আনন্দময়।

কার্যকর একজন লেগ স্পিনারের জন্য বাংলাদেশের ক্রিকেটের যে দীর্ঘ হাহাকার, সেটি পূরণের স্বপ্ন তাকে ঘিরে দেখা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। রিশাদের পারফরম্যান্সেই সেই স্বপ্নের রঙ উজ্জ্বল হচ্ছিল ক্রমে। এবার তা আরও রঙিন হয়ে উঠল বড় মঞ্চে ২১ বছর বয়সী এই লেগ স্পিনারের প্রথম ম্যাচেই।

চার ওভারে ২২ রানে তিন উইকেট, রিশাদের প্রস্ফুটিত হতে থাকা টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। পঞ্চদশ ওভারে তার টানা দুই বলে উইকেটই ঘুরিয়ে দিয়েছে শ্রীলঙ্কার ইনিংসের মোড়। তবে শুধু তার বোলিং ফিগার বা উইকেটগুলোই নয়, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে তার এই পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে বোলিংয়ের ধরনের কারণেও। বিশ্বকাপ অভিষেক, উপলক্ষের চাপ কিংবা প্রত্যাশার ভার, কিছুই সেভাবে স্পর্শ করেনি তাকে। অন্তত বোলিং দেখে তা মনে হয়নি।

লেগ স্পিনারদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ একটু আলগা হওয়া, একটি-দুটি ফুল টস, কিছু শর্ট বল করা খুবই নিয়মিত দৃশ্য। তার মতো অনভিজ্ঞ লেগ স্পিনারের জন্য তো আরও বেশি। কিন্তু এই ম্যাচে রিশাদের লেংথ ছিল প্রায় নিখুঁত। চার ওভারের স্পেলে শর্ট বল করেছেন বড়জোর দু-তিনটি। এমনকি বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষেও তার বোলিং ছিল দারুণ।

যদিও বাঁহাতি চারিথ আসালাঙ্কা নিজের শক্তির জায়গায় বল পেয়ে একটি ছক্কা মেরেছেন তার বলে। প্রথম দুই ওভারে তিনি ছিলেন উইকেটশূন্য। ১৫তম ওভারে আক্রমণে এসেই তিনি বদলে দেন ইনিংসের চিত্র।

শ্রীলঙ্কা ১১ ওভারে ৮৩ রান তুলে ফেলার পর টানা তিন ওভারে রানের গতিতে একটু লাগাম টানেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এরপর রিশাদের কাছ থেকেও চাওয়া ছিল এমন কিছু। রিশাদ এনে দিলেন আরও বেশি কিছু।

নতুন স্পেলের প্রথম বলেই তিনি ফেরালেন চারিথ আসালাঙ্কাকে, আগে নানা সময়ে যিনি বাংলাদেশকে ভুগিয়েছেন বেশ। ঝড় তোলার জন্য ব্যাটিং অর্ডারে ওপরে উঠে এরপর নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু লঙ্কান অধিনায়কের আশা প্রথম বলেই শেষ করে দেন রিশাদ। দারুণ ডেলিভারিতে স্লিপে ক্যাচ নেন সৌম্য সরকার।

নিজের পরের ওভারের প্রথম বলে আবার তার উইকেট। বেশ কিছুক্ষণ ধরে ক্রিজে থাকা ধানাঞ্জায়া ডি সিলভাকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে আরেকটি বড় ধাক্কা দেন তিনি। 

এই স্পেলে দুই ওভারে ছয় রান দিয়ে তার শিকার তিন উইকেট।

রিশাদের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমানও। কেবল সাকিব ছাড়া বোলারদের সবাই ছিলেন বেশ ধারাল। তাতেই লঙ্কান ইনিংসের বেহাল দশা। এক পর্যায়ে ১৬০-১৭০ রানের দিকে এগোচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু আটকে যায় তারা ১২৪ রানে। শেষ ছয় ওভারে ছয় উইকেট হারিয়ে তারা যোগ করতে পারে কেবল ২৪ রান। এই ধসের সূত্রপাত সেই রিশাদের হাত ধরেই। 

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে মূলত টিম ম্যানেজেমেন্টর ভরসা আদায় করে নেন রিশাদ। যদিও বোলিংয়ের চেয়ে সেবার ব্যাটিং দিয়েই আলোড়ন তোলেন বেশি। ৭ ছক্কায় ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন একটি টি-টোয়েন্টিতে, একটি ওয়ানডেতে করেন ১৮ বলে ৪৮। তবে বোলিংয়ের উন্নতির ছাপটাও একটু একটু করে রাখছিলেন। আত্মবিশ্বাসী হয়ে ওঠার, নিজের স্কিল মেলে ধরার প্রমাণ রাখছিলেন। তাকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বাসও বাড়ছিল একটু একটু করে।

বিশ্বকাপ অভিষেকে তার পারফরম্যান্স সেই বিশ্বাসকেই পোক্ত করবে আরও। আরেকটু জোর দিয়েই এখন বলা যায়, রিশাদ থাকছেন।