২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই পাকিস্তানের চেয়ে ‘ভীতু দল’ দেখেননি ইমরান নাজির

দেশটির সাবেক এই ওপেনারের মতে, এখনকার পাকিস্তান দলে প্রান্ত বদল করে খেলার মতো মিডল অর্ডার ব্যাটসম্যানও নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 08:10 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা মিলেছে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে সমালোচনা যেন থামছেই না। এবার দলটির ক্রিকেটারদের সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরান নাজির। উত্তরসূরিদের কড়া সমালোচনা করে দেশটির সাবেক এই ওপেনার বলেছেন, বাবর আজমের নেতৃত্বাধীন দলের মতো ভীতু দল কখনোই দেখেননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে তিন ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে পাকিস্তান। সুপার এইটে ওঠার ভাগ্য এখন আর তাদের হাতে নেই। অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে ২০০৯ আসরের চ্যাম্পিয়নদের পরের ধাপে খেলা।

টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অঘটনের শিকার হয়ে আসর শুরু করে বাবরের দল। সুপার ওভারের রোমাঞ্চে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি তারা। এরপর ভারতকে বাগে পেয়েও জিততে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের সাবেক ওপেনার ইমরান নাজির

পাকিস্তানের সাবেক ওপেনার ইমরান নাজির

দুর্দান্ত বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের স্রেফ ১১৯ রানে আটকে দিলেও, হতশ্রী ব্যাটিংয়ে এই রানও তাড়া করতে পারেনি পাকিস্তান। হেরে যায় ৬ রানে। সবশেষ ম্যাচে শক্তি-সামর্থ্য ও অভিজ্ঞতায় যোজন-যোজন পিছিয়ে থাকা কানাডার বিপক্ষেও দাপট দেখাতে পারেনি তারা। ১০৭ রানের লক্ষ্যে পৌঁছাতে খেলেছে ১৮তম ওভার পর্যন্ত।

সব মিলিয়ে, পাকিস্তানের এই দলটির ওপর ভীষণ ক্ষুব্ধ ইমরান নাজির। সম্প্রতি এক টিভি শো-তে উত্তরসূরিদের ধুয়ে দেন তিনি।

“আমি দুঃখিত, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, ক্রিকেট হচ্ছে নির্ভীকদের খেলা। আমি এই দলের মতো ভীতু দল দেখিনি। তারা এখন নতুন কী অজুহাত সাজাবে, তা নিয়ে আমি প্রায়ই আলোচনা করি। ক্রিকেটে অজুহাতের কোনো জায়গা নেই। আপনি যেমন পিচ বা কন্ডিশনের সম্মুখীন হন না কেন, আপনি খেলতে বাধ্য।”

“যে দলে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নেই যে কিনা প্রান্ত বদল করে খেলতে পারে, আপনি কীভাবে সেই দলকে নিয়ে বিশ্বকাপ জয়ের প্রত্যাশা করতে পারেন? আট ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ৪০ রান করতে ব্যর্থ হয়েছে এই দল।”

গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে, আগামী রোববার। এই ম্যাচ শুধু জিতলেই হবে না তাদের, নেট রানরেটে ছাড়িয়ে যেতে হবে ৩ ম্যাচের দুটি জেতা যুক্তরাষ্ট্রকে। তবে শুক্রবার আইরিশদের যদি হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র, তাহলে সব আশা শেষ হয়ে যাবে পাকিস্তানের।