০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের শাস্তি

দুই দলকেই আর্থিক জরিমানা করা হয়েছে।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের শাস্তি

ভারত অধিনায়ক শুবমান গিল (বাঁয়ে) ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। ছবি: বিসিসিআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 03:27 PM

Updated : 05 Oct 2026, 03:27 PM

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। দুই দলের ক্রিকেটারদেরই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত শনিবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নেমে ভারতকে ৫ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের এক দিন পর সোমবার তাদের শাস্তির ঘোষণা দিল আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম করেছে ভারত। আর ক্যারিবিয়ানরা কম করেছে দুই ওভার।

আইসিসির মন্থর ওভাররেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতিটি ওভারের জন্য কাটা হয় ম্যাচ ফির পাঁচ শতাংশ। তাই ভারতকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

ম্যাচ রেফারি প্রাকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ভারত অধিনায়ক শুবমান গিল ও ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

২-০ ব্যবধানে পিছিয়ে থেকে চান্ডিগাড়ে শেষ ওয়ানডে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। লোকেশ রাহুলের ১২৯, রোহিত শার্মার ৯২ ও রুতুরাজ গায়কোয়াডে ৫৭ রানের ইনিংসে ৩৫১ রান করে ভারত। পরে হোপের অধিনায়কোচিত ১৬২ রানের অপরাজিত ইনিংসে ১০ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

লখনৌয়ে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু মঙ্গলবার।