হারের পর অস্ট্রেলিয়ার শাস্তি
মন্থর ওভাররেটের কারণে অর্থদণ্ড দিতে হচ্ছে মিচেল মার্শদের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর আরও দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। মন্থর ওভাররেটের কারণে অর্থদণ্ড দিতে হচ্ছে তাদের। ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে দলটিকে।
ডারবানে গত বৃহস্পতিবার ২৯৮ রানের লক্ষ্য তাড়ায় ৬৭ রানে হারে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করে তারা।
আইসিসির মন্থর ওভাররেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতিটি ওভারের জন্য কাটা হয় ম্যাচ ফির পাঁচ শতাংশ।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার শাস্তির কথা জানায়।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
জোহানেসবার্গে দুই দলের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী রোববার।
