২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ওভারে ৭৩ রান, পান্তের শেষের ঝড়ে মোহিতের বিব্রতকর রেকর্ড

আইপিএলে সবচেয়ে খরুচে বোলিংয়ের তালিকার চূড়ায় এখন গুজরাট টাইটাইন্সের অভিজ্ঞ এই পেসার।

৪ ওভারে ৭৩ রান, পান্তের শেষের ঝড়ে মোহিতের বিব্রতকর রেকর্ড

অধিনায়ক শুবমান গিলের সঙ্গে মোহিত শার্মা (বাঁয়ে)। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 10:34 PM

Updated : 24 Apr 2024, 11:38 PM

বল হাতে নিয়েই রিশাভ পান্তের আক্রমণের মুখে পড়েন মোহিত শার্মা। তাতে ইনিংসের শেষ ওভার করতে আসার আগেই তার বোলিং ফিগার হয়ে যায় বিবর্ণ, শেষটায় যা হয়ে যায় বড্ড বাজে। ঝড়ের বড় ঝাপটা যেন শেষের জন‍্যই তুলে রেখেছিলেন পান্ত। দিল্লি ক‍্যাপিটালস অধিনায়কের খুনে ব‍্যাটিংয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম উঠে গেল গুজরাট টাইটান্সের অভিজ্ঞ পেসার মোহিতের। 

আইপিএলে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং এখন মোহিতের। দিল্লির বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়ে উইকেটশূন‍্য তিনি। 

ভারতের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এ নিয়ে কেবল দ্বিতীয়বার কোনো বোলার ৭০ বা এর বেশি রান দিলেন। ২০১৮ সালে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন বাসিল থাম্পি। এতেদিন সেটাই ছিল আইপিএলে সবচেয়ে খরুচে বোলিং। 

একাদশ ওভার শেষে আক্রমণে আসেন মোহিত। প্রথম বলেই পান্তের ব‍্যাটে হজম করেন চার, শেষ বলে আরেকটি। ওভার থেকে আসে ১২ রান। 

ষোড়শ ওভারে ফিরে ফের পান্তের সামনে পড়েন মোহিত। দুই ছক্কায় দেন ১৬ রান। পরের ওভারে তাকেই ছক্কা মেরে পঞ্চাশ স্পর্শ করেন দিল্লি অধিনায়ক। 

শেষ ওভারে মোহিতের ওপর দিয়ে রীতিমত তাণ্ডব চালান পান্ত। প্রথম বলে নেন ২ রান, পরের বল ওয়াইড। এরপর ছক্কা ও চারের পর টানা তিন ছক্কায় দিল্লিকে রান পাহাড়ে নিয়ে যান পান্ত। ওভার থেকে আসে ৩১ রান। 

৪৩ বলে আট ছক্কা ও পাঁচ চারে ৮৮ রান করেন পান্ত। দিল্লির অরুন জেট লি স্টেডিয়ামে টস হেরে ব‍্যাট করতে নেমে ৪ উইকেটে ২২৪ রান করে দিল্লি।