সাকিবের ফিফটি, রিশাদ-মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জিতল বাংলাদেশ
ব্যাটিং-বোলিংয়ে সম্মিলিত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথে এগিয়ে গেল বাংলাদেশ।
৬ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ৫৬ রান। প্রথম তিন বলে ৭ রান দিলেন রিশাদ হোসেন। তবে পরের তিন বলে তিনি নিলেন দুই উইকেট। এতেই ঘুরে গেল ম্যাচের মোড়। পরের ওভারে রিশাদ ধরলেন আরও এক শিকার। তার সঙ্গে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। লক্ষ্যের কাছাকাছিও যেতে পারল না নেদারল্যান্ডস।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বৃহস্পতিবার ডাচদের ২৫ রানে হারায় বাংলাদেশ। ১৬০ রানের লক্ষ্যে ৮ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। অনায়াস জয়ে সুপার এইটে খেলার সম্ভাবনা জোরাল করল বাংলাদেশ।
তিন ম্যাচের বাংলাদেশের ঝুলিতে এখন ৪ পয়েন্ট। তাদের জয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে তিন ম্যাচে ১ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার বিদায়। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয় এড়াতে পারলেই আর কোনো হিসেব-নিকেশ ছাড়া সুপার এইটে চলে যাবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
শেষ দিকে রিশাদ ও মুস্তাফিজের চমৎকার বোলিংয়ের আগে ব্যাট হাতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সাকিব আল হাসান। ১৯ ইনিংস বিরতির পর করা ফিফটিতে ৪৬ বলে তিনি খেলেন ৬৪ রানের ইনিংস। পরে বল হাতেও শেষ দুই ওভারে রানের চাকা আটকে রাখেন অভিজ্ঞ অলরাউন্ডার।
বাংলাদেশের ২৫ রানের জয়ে সাকিবই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপে এ নিয়ে ৪ বার এই স্বীকৃতি পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার। টুর্নামেন্টে তার চেয়ে এই পুরস্কার জিতেছেন শুধু ৫ ক্রিকেটার।
উইকেটের সুবিধা কাজে লাগিয়ে মুস্তাফিজ করেন অসাধারণ বোলিং। বিশেষ করে ডেথে ১৭ ও ১৯তম ওভার মিলিয়ে তিনি দেন মাত্র ৪ রান, বিপরীতে নেন ১টি উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ১২ রান খরচ করেন তিনি।
প্রথম দুই ওভারে ১৯ রান দেওয়া রিশাদ শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ান। মাত্র ১৪ রানে নেন ৩ উইকেট। ১৫তম ওভারে তার জোড়া উইকেটেই মূলত ঘুরে যায় ম্যাচ। পরে শেষ ওভারেও আরেক শিকার ধরেন রিশাদ। বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে তার শিকার ৭ উইকেট।
নেদারল্যান্ডসের রান তাড়ায় পঞ্চম ওভারে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। পাওয়ার প্লের শেষ ওভারে আরেক ওপেনার ম্যাক্স ও'ডাওডকে ফেরান তানজিম হাসান। এরপর ভিক্রাম সিংয়ের পাল্টা আক্রমণে দ্রুত কিছু রান তোলে ডাচরা।
দশম ওভারে মাহমুদউল্লাহ আক্রমণে এলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারায় চেষ্টায় স্টাম্পড হন ৩ ছক্কায় ১৬ বলে ২৬ রান করা ভিক্রাম।
পরে সাইব্রান্ড এঙ্গেলব্রেশটকে নিয়ে এগোতে থাকেন স্কট এডওয়ার্ডস। ১৩ ওভারে ৯৯ রান করে ফেলে নেদারল্যান্ডস। পরের ওভারে মাত্র ৫ রান দেন সাকিব। রানের চাপ বোধ করেই হয়তো রিশাদের লেগ স্পিনে দূর থেকে খেলতে গিয়ে ক্যাচ দেন ২২ বলে ৩৩ রান করা এঙ্গেলব্রেশট। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি।
এরপর ধীরে ধীরে শুধু পেছাতেই থাকে ডাচরা। ১৭তম ওভারে আক্রমণে ফিরে প্রথম বলেই এডওয়ার্ডসের উইকেট নেন মুস্তাফিজ। এতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। পরে নিজের বলে রিশাদের দারুণ ক্যাচে ফেরেন লোগান ফন বিক।
শেষ দিকে টিম প্রিঙ্গল কোনোভাবেই খেলতে পারছিলেন না মুস্তাফিজকে। ১ রান করতে তিনি খেলেন ১০টি বল। ম্যাচের শেষ বলে তাকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাসকিন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আরও একবার হতাশ করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। দ্বিতীয় ওভারে আরিয়ান দত্তের বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন শান্ত। আরিয়ানের পরের ওভারে সুইপ করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন লিটন।
চাপের মধ্যে পাল্টা আক্রমণে পথে হাঁটেন তানজিদ হাসান ও সাকিব। তৃতীয় ওভারে ভিভিয়ান কিংমার বলে দুই চারের সঙ্গে এক ছক্কায় ১৮ রান নেন তানজিদ। পাওয়ার প্লের শেষ ওভারে লোগান ফন বিকের বলে সাকিব মারেন ৪টি চার। সব মিলিয়ে আসে ১৯ রান।
এরপর কিছুটা চেপে ধরে নেদারল্যান্ডস। পরের চার ওভারে আসে মাত্র ২২ রান। নবম ওভারে পল ফন মেকেরেনের বলে বড় শটের খোঁজে ডিপ স্কয়ার লেগ সীমানার অনেক ভেতরে ধরা পড়েন তানজিদ। ৫ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৫ রান করেন বাঁহাতি ওপেনার।
আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা তাওহিদ হৃদয় এদিনই একদমই ছন্দ খুঁজে পাননি। শুরু থেকেই ধুঁকতে ধুঁকতে প্রিঙ্গলের বলে বোল্ড হন তরুণ মিডল-অর্ডার ব্যাটসম্যান। ৯ রান করতে তিনি খেলেন ১৫ বল।
পঞ্চম উইকেট জুটিতে সাকিবকে নিয়ে চাপ সামাল দেন মাহমুদউল্লাহ। দুজন মিলে ৩২ বলে গড়ে তোলেন ৪১ রানের জুটি। ৩৮ বলে ফিফটি পূর্ণ করেন সাকিব। এর আগে সবশেষ ২০২২ সালের অক্টোবরে পঞ্চাশ করেছিলেন তিনি। ১৯ ইনিংস পর করেন ক্যারিয়ারের ১৩তম ফিফটি। বিশ্বকাপে এটি তার চতুর্থ।
সাকিবের পঞ্চাশ ছোঁয়ার পরের বলে ড্রেসিং রুমে ফেরেন মাহমুদউল্লাহ। ২টি করে চার-ছক্কায় ২১ বলে ২৫ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষ দিকে ১৫ বলে ২৯ রান যোগ করেন সাকিব ও জাকের আলি।
৯ চারে নিজের ইনিংস সাজান সাকিব। ৩ চারে ৭ বলে ১৪ রান করেন জাকের।
নেদারল্যান্ডসের পক্ষে৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট নেন ফন মেকেরেন। আরিয়ান ১৭ রানে ধরেন সমান ২ শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (তানজিদ ৩৫, শান্ত ১, লিটন ১, সাকিব ৬৪*, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪*; কিংমা ২-০-২০-০, আরিয়ান ৪-০-১৭-২, মেকেরেন ৪-০-১৫-২, ফন বিক ৪-০-৪৩-০, ডে লেডে ৩-০-৩১-০, প্রিঙ্গেল ৩-০-২৬-১)
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৪/৮ (লেভিট ১৮, ও'ডাওড ১২, ভিক্রাম ২৬, এঙ্গেলব্রেশট ৩৩, এডওয়ার্ডস ২৫, ডে লেডে ০, ফন বিক ২, প্রিঙ্গল ১, আরিয়ান ১৫*; মুস্তাফিজ ৪-০-১২-১, তানজিম ৩-০-২৩-১, তাসকিন ৪-০-৩০-২, সাকিব ৪-০-২৯-০, রিশাদ ৪-০-৩৩-৩, মাহমুদউল্লাহ ১-০-৬-১)
ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান
