বড় পরিবর্তন আসছে বিসিবিতে
সভাপতি নাজমুল হাসানসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক পরিচালক লাপাত্তা, বদলে যাচ্ছে পরিচালনা পর্ষদ।
বিসিবি ভবনের বাইরে এখন মিছিল-মিটিং দেখা যাচ্ছে দু-একদিন পরপরই। বর্তমান বোর্ডের পদত্যাগসহ নানা দাবি তুলছেন তারা। ভবনের ভেতরের পরিবেশ গুমোট। প্রাণচাঞ্চল্য আগের মতো নেই। সেই নীরবতায় কান পাতলে অবশ্য শোনা যায় এক ধরনের আওয়াজ। যে আওয়াজের নাম, ‘পরিবর্তন।’ শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক জায়গার মতো বড় পালাবদলের অপেক্ষা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও।
সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কোনো খবর নেই। স্ত্রীসহ লন্ডনে তার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কদিন আগে। তবে সেটা কবেকার ছবি, নিশ্চিত হওয়া যায়নি। তিনি কোথায় আছেন, তা জানেন না বলেই দাবি করছেন দেশে থাকা বোর্ড কর্তারা। সভাপতির ঘনিষ্ঠ ও প্রভাবশালী বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিকসহ বেশ কজন বোর্ড পরিচালক আছেন আত্মগোপনে। এই অবস্থায় বোর্ডে পরিবর্তনটা অবিশ্যম্ভাবী।
সেই পরিবর্তনের ব্যাপ্তি কেমন হবে, কৌতূহল আপাতত সেটি নিয়েই। বিভিন্ন সূত্র থেকে যে ধারণা পাওয়া যাচ্ছে, তাতে পরিবর্তন ব্যাপক আকারে হবে বলেই মনে হচ্ছে। সভাপতি তো বদলে যাচ্ছেনই, সঙ্গে পরিবর্তন হতে যাচ্ছে পুরো পরিচালনা পর্ষদেই। বর্তমান বোর্ডের একজন পরিচালক হয়তো থাকতে পারেন নতুন পরিচালনা পর্ষদে। কিংবা সর্বোচ্চ দুইজন।
গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, বিসিবি সভাপতি হতে পারেন সৈয়দ আশরাফুল হক। বিসিবির এই সাবেক সাধারণ সম্পাদকের এবার সভাপতির দায়িত্বে আসার সম্ভাবনা কিছুটা আছে বটে। তবে বড় একটি চমক এখানে দেখা যেতেও পারে। সাবেক অধিনায়ক ও সাবে প্রধান নির্বাচক ফারুক আহমেদকে সভাপতি হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে প্রবল।
চাইলেই অবশ্য বোর্ড ভেঙে দেওয়া বা নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। সরকার সরাসরি হস্তক্ষেপ করলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হবে। আইসিসির বাধ্যবাধকতা অনুযায়ী, কোনো বোর্ডে পরিবর্তন আনতে হবে সেই বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন ক্লাবের কাউন্সিলর হিসেবে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোয়ন পেয়ে এবং সাবেক খেলোয়াড়, সার্ভিসেস, বিশ্ববিদ্যালয় কোটা থেকে পরিচালক পদে নির্বাচন করতে পারেন। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি দুজন পরিচালকের মনোনয়ন দেয়। এইকোটা থেকে এখনকার বোর্ডে আছেন দীর্ঘদিনের পুরোনো দুই সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুস।
নির্বাচিত বোর্ড পরিচালকদের ভোটে পরে নির্বাচন করা হয় বোর্ড সভাপতি। ২০১২ সালে সরকারের মনোনয়নে প্রথমবার বিসিবি সভাপতি হন নাজমুল হাসান। পরের বছর নির্বাচনে জিতে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনিই। যদিও তিনি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পরের দুটি নির্বাচনেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সভাপতি হন।
অভিযোগ আছে, বিভিন্ন ধাপে কাউন্সিলর মনোয়ন থেকে শুরু করে সবকিছুই তারা এমনভাবে সাজিয়ে রেখেছিলেন যে, এক নির্দিষ্ট ঘরানার মানুষগুলোই বারবার বোর্ড পরিচালক নির্বাচিত হয়ে এসেছেন। বোর্ড সভাপতির নির্বাচনেও নাজমুল হাসান ছাড়া অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রই তৈরি হয়নি। সদ্য দেশ ছেড় যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল গত ১২ বছরে হয়ে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেটের একচ্ছত্র ‘সম্রাট।’
নাজমুলের সেই সাম্রাজ্য ভেঙে পড়া এখন কেবল সময়ের ব্যাপার।
বোর্ড সামনে কীভাবে চলবে বা পরিবর্তন এলে কীভাবে আনা হবে, সেসব নিয়ে কথা বলতে সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করেছেন বিসিবির প্রধান নির্বাহী ও দেশে থাকা বোর্ড পরিচালকরা। সেখানে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। ওই বোর্ড পরিচালকেরা বুধবার নিজেরাও একটি সভায় বসেছিলেন। সেখানেও পরিবর্তনের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো সমাধানে তারা পৌঁছতে পারেননি।
শেষ পর্যন্ত তাই ক্রীড়া উপদেষ্টা ও মন্ত্রণালয়ের হাতেই পরিবর্তনের পথ খোঁজার ভার দিতে চান এই পরিচালকররা। দেশের বর্তমান বাস্তবতায় পরিচালকদের প্রায় কেউই এসব নিয়ে কথা বলতে চাইছেন না নানা শঙ্কা থেকে।
বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন তাদের এখনকার অবস্থান ও ভাবনা।
“দেখুন, মিছিল-মিটিং করে জোর করে তো বোর্ডে পরিবর্তন আনা যাবে না। সবকিছুর একটা প্রক্রিয়া আছে। বোর্ডে পরিবর্তন আনতে হলে আইসিসির নীতিমালা অনুযায়ী বোর্ডের গঠনতন্ত্র অনসরণ করে তা করতে হবে। কেউ বোর্ড সভাপতি হতে হলে তাকে কোনো ক্লাব বা সংস্থার মনোনয়ন পেয়ে আসতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুজন বোর্ড পরিচালক থাকেন। সরকার থেকে যদি তাদের কারও বদলে অন্য একজনকে মনোয়ন দিয়ে বোর্ডে পাঠায় ও সভাপতি করতে চায়, তাহলে করতেই পারে। আমরা পূর্ণ সহযোগিতা করব।”
“বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, আরেকটি পথও আছে। যদি পরপর তিনটি সভায় কেউ অনুপস্থিত থাকে, তাহলে তার পদ এমনিই বাতিল হয়ে যায়। পাপন ভাই (নাজমুল হাসান) তো এখন নেই। আমরা আছি ৯-১০ জন পরিচালক। তিনটি সভায় না থাকলে বাকিরা এমনিতেই বাদ পড়বে। তখন নতুন পরিচালকদের দায়িত্বে আনা যেতে পারে প্রক্রিয়া মেনে। মাননীয় উপদেষ্টা ও মন্ত্রণালয়কে বলব আমরা, গঠনতন্ত্র অনুযায়ী তারাই যেন একটা পথ বের করে দেন আমাদের। তারা যেটাই বলবেন, আমাদের দিক থেকে সবটুকু সহযোগিতা থাকবে।”
আরেকটা পথও আছে। গঠনতন্ত্রের এই জটিল প্রক্রিয়ায় যেতে হবে না, যদি বোর্ড পরিচালকরা সবাই পদত্যাগ করেন। যদি এরকম পরিস্থিতি তৈরি হয়? ইফতেখার বললেন, “পদত্যাগ করতে বললে তো করতে হবেই। তখন আবার সব প্রক্রিয়া মেনে নতুন নির্বাচনের প্রয়োজন হবে।”
আপাতত এটিই হয়তো হতে যাচ্ছে। নতুন সভাপতির সঙ্গে গোটা দশেক বোর্ড পরিচালককে রেখে অন্তবর্তীকালীন বোর্ড গঠন করা হতে পারে, যারা এক বছরের মধ্যে নির্বাচন দেবে। অন্তবর্তীকালীন এই কমিটিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বা সামান্য সংযোগ থাকা কারও থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে বর্তমান বোর্ড পরিচালকদের দু-একজন ছাড়া টিকতে পারবেন না কেউই।
