ভারতের নাটকীয় ব্যাটিং ধস
প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৮১ রান করা ভারত পরের ৯ ওভারে ৭ উইকেটে করে ৩৮।
দশম ওভারে হারিস রউফকে টানা তিনটি চার মারলেন রিশাভ পান্ত। ১০ ওভারে ৩ উইকেটে ৮১ রানের শক্ত অবস্থানে ভারত। কিন্তু সেখান থেকে নাটকীয় ব্যাটিং ধসে পথ হারিয়ে ফেলল তারা। পেসারদের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখল পাকিস্তান।
নিউ ইয়র্কে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে এক ওভার বাকি থাকতে ১১৯ রানে গুটিয়ে গেছে ভারত।
উইকেটে পেসারদের জন্য ছিল সহায়তা। পাকিস্তানের চার পেসার মিলে ভাগ করে নেন ৯ উইকেট। সমান ২১ রানে ৩টি করে শিকার ধরেন নাসিম শাহ ও হারিস রউফ। ২৩ রানে দুটি উইকেট নেন মোহাম্মদ আমির। শাহিন শাহ আফ্রিদির প্রাপ্তি একটি।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হয় খেলা। টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ওভারে আফ্রিদিকে রোহিত শার্মার একটি ছক্কায় ভারত ৮ রান তোলার পর আবার হানা দেয় বৃষ্টি।
পরে খেলা শুরু হলে ভিরাট কোহলি প্রথম বলে নাসিমকে দারুণ একটি চার মারলেও, এক বল পরই ক্যাচ দেন পয়েন্টে। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে ১১ ইনিংসে স্রেফ দ্বিতীয়বার দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হলেন তিনি। আসরে প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে এলো ১ ও ৪ রান।
পরের ওভারে আফ্রিদিকে উড়িয়ে মেরে বাউন্ডারির কাছাকাছি ধরা পড়েন রোহিত (১৩ বলে ১২)।
দলকে এগিয়ে নেন এরপর পান্ত ও আকসার প্যাটেল। ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২০ রান করে বিদায় নেন আকসার। দুবার জীবন পান পান্ত। পরে কয়েকটি বাউন্ডারি মারেন তিনি।
১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৯ রান। বড় সংগ্রহের হাতছানি। কিন্তু পরের ওভার থেকে নিয়মিত উইকেট হারায় তারা। ৮৯ থেকে ৯৬, ৭ রানের মধ্যে হারিয়ে ফেলে ৪ উইকেট।
সুরিয়াকুমার ইয়াদাভ ও শিভাম দুবে বিদায় নেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। পরপর দুই বলে পান্ত (৩১ বলে ৪২) ও রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে দেন আমির।
হার্দিক পান্ডিয়াও পারেননি কিছু করে দেখাতে। পরপর দুই বলে তাকে ও জাসপ্রিত বুমরাহকে ফেরান রউফ। আর্শদিপ সিংয়ের রান আউটে সমাপ্তি ঘটে ইনিংসের।
