২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০০’ ছুঁয়ে ধোনির আরেক ইতিহাস

প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে এই কীর্তি গড়লেন ধোনি।

‘২০০’ ছুঁয়ে ধোনির আরেক ইতিহাস
মাহেন্দ্র সিং ধোনি। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2025, 10:52 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

স্পিনার রাভিন্দ্রা জাদেজার বলে অনেকটা বেরিয়ে এসে খেলার চেষ্টায় পারলেন না আয়ুশ বাদোনি। তাকে সহজেই স্টাম্পিং করলেন মাহেন্দ্র সিং ধোনি। অভিজ্ঞ কিপার গড়লেন অনন্য কীর্তি।

আইপিএলে ধোনির ২০০তম ফিল্ডিং ডিসমিসাল এটি। টুর্নামেন্টটির দেড় যুগের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন ৪৩ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়ক।

লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সোমবারের ম্যাচে ধরা দেয় ধোনির এই অর্জন। চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট নিয়ে আসর থেকে ছিটকে যাওয়ায় পর আগের ম্যাচ থেকে দলটির অধিনায়কত্ব করছেন তিনি।

পরে লাক্ষ্ণৌর অধিনায়ক রিশাভ পান্তের ক্যাচও নেন ধোনি। আসরে প্রথম পাঁচ ইনিংসে মাত্র ৪০ রানের পর এদিন ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন পান্ত।

আইপিএলে ধোনির ফিল্ডিং ডিসমিসাল এখন ২০১টি। এর মধ্যে কিপার হিসেবে তার ক্যাচ ১৫১টি, স্টাম্পিং ৪৬টি। এছাড়া চারটি ক্যাচ তিনি নিয়েছেন আউটফিল্ড ফিল্ডার হিসেবে। 

এই তালিকায় ধোনির ধারেকাছেও কেউ নেই। ১৮২ ফিল্ডিং ডিসমিসাল নিয়ে দুইয়ে আছেন দিনেশ কার্তিক। পরের চারটি স্থানে যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স (১২৬), রবিন উথাপ্পা (১২৪), ঋদ্ধিমান সাহা (১১৮) ও ভিরাট কোহলি (১১৬)। এর মধ্যে ধোনি ছাড়া কোহলিই কেবল এখনও খেলছেন আইপিএলে।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার (২৭১) ও সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব (২২৮) দেওয়ার রেকর্ডও ধোনির।