২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি শুরু লিটন-সৌম্যদের

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য অনুশীলন শুরু করলেন লিটন-সৌম্য-মুস্তাফিজরা

সাত টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি শুরু লিটন-সৌম্যদের
অনুশীলনে লিটন ও সৌম্য। ছবিটা অবশ্য পুরোনো। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার সপ্তাহ পেরোনোর আগেই শুরু হয়ে গেল জাতীয় দলের ব্যস্ততা। ভিন্ন সংস্করণের নতুন অভিযানের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার লড়াইয়ে নেমে পড়লেন ক্রিকেটাররা।  

এই মাসেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে সাতটি টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহের এই সফরের আগে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হলো অনুশীলন। 

এ দিন অবশ্য স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন না। বেলা ১১টায় শুরু হওয়া অনুশীলনে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে যোগ দেন সৌম্য সরকার, তানজিদ হাসান ও মুস্তাফিজুর রহমান।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানালেন, আরও দুই দিন এমন ব্যক্তিগত অনুশীলন করবেন ক্রিকেটাররা।

“আজ মূলত ব্যক্তিগত অনুশীলন ছিল। টেস্ট সিরিজে খেলা ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। দলের অন্যান্যরাও খেলার মধ্যেই ছিল। আজকে তাই নিজ উদ্যোগে ট্রেনিং করতে এসেছে চার জন। ৮ তারিখ থেকে আমরা দল হিসেবে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করব।”

প্রথম দিনের অনুশীলন পুরোটা দেখার সুযোগ ছিল না সংবাদকর্মীদের। শুরুতে ১৫ মিনিট কাভার করার অনুমতি দেওয়া হয়। হোম অব ক্রিকেটের সেন্টার উইকেটে বোলিং মেশিনে ব্যাটিং করতে দেখা যায় তানজিদ ও সৌম্যকে। তাদের বিভিন্ন পরামর্শ দেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সালাউদ্দিনের তত্ত্বাবধানেই এদিন অনুশীলন করেছেন চার ক্রিকেটার। এছাড়া স্পিন কোচ সোহেল ইসলাম, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলিও ছিলেন।

একই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ 'এ' দলের সিরিজ। মাঠে বসে প্রথম এক দিনের ম্যাচটি দেখেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। এ দিনই ঢাকায় ফেরার কথা রয়েছে তার। 

সিলেটে দুই নম্বর মাঠে সোমবার সকালে লম্বা সময় অনুশীলনে ঘাম ঝরান পেসার তানজিম হাসান। মূল মাঠে তখন খেলায় ব্যস্ত টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পারভেজ হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম। বুধবার দ্বিতীয় ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দেবেন তারা।

এছাড়া পাকিস্তান সুপার লিগ খেলতে এখন দেশের বাইরে নাহিদ রানা ও রিশাদ হোসেন। দেশের অনুশীলন ক্যাম্পে তাদের যোগ দেওয়ার সুযোগ নেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও দুজনকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এর বাইরে দলের নতুন সহ-অধিনায়ক শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি ও হাসান মাহমুদ ছুটি কাটিয়ে বৃহস্পতিবারের মধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। 

আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ শুরু ২৫ মে। প্রায় তিন সপ্তাহের এই সফরে ১৪ মে দেশ ছাড়ার কথা তাদের।