২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ম্যাচের হার ভুলে ভারতের জন্য প্রস্তুত পাকিস্তান

দলটির সাদা বলের প্রধান কোচ গ্যারি কার্স্টেন বলেছেন, অতীত নিয়ে না ভেবে সামনে এগিয়ে যেতে চান তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 02:38 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সামনে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এই সময়ে অতীত নিয়ে ভাবার কোনো কারণই দেখছেন না গ্যারি কার্স্টেন। সীমিত ওভার ক্রিকেটের পাকিস্তানের প্রধান কোচ বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিব্রতকর হার আপাতত ভুলে গেছেন তারা। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের দিকে এখন সব মনোযোগ তাদের।

আইসিসির সহযোগী দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করে পাকিস্তান। মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারের রোমাঞ্চে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় এবারের আসরের সহ-আয়োজকরা। ওই ম্যাচের পর তীব্র সমালোচনা চলছে বাবর আজমদের। 

তাদের সামনে এখন প্রতিপক্ষ ভারত। যাদের বিপক্ষে দুই সংস্করণের বিশ্বকাপে ১৫বার মুখোমুখি হয়ে স্রেফ একবার জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। কার্স্টেন অবশ্য মনে করছেন, ভারত ম্যাচের জন্য প্রস্তুত তার দল।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারত দলের সঙ্গে ছিলেন কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানের কোচিংয়ে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতে এশিয়ার দলটি। ওই আসরেই সেমি-ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে কার্স্টেনের। তাই ভারতের ক্রিকেটার ও ক্রিকেট সংস্কৃতি নিয়ে ভালোই জানাশোনা আছে এই কোচের। পাকিস্তান দলের সঙ্গেও ইতিমধ্যে ভালোই মানিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তার কোচিংয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তান হারলেও দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে সন্তুষ্টি ঝরল কার্স্টেনের কণ্ঠে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের হতাশায় নিমজ্জিত দলের পাশে দাঁড়ালেন তিনি। তার মতে, ওই ম্যাচ এখন অতীত। ভারতের বিপক্ষে লড়াইয়ে আগে দল আত্মবিশ্বাসী বলেও মনে করেন তিনি। 

“ক্রিকেট ম্যাচ জিততে না পারা কোনো খেলোয়াড়ের জন্য কখনোই দারুণ কিছু নয়। তারা যথাসাধ্য চেষ্টা করছে। (যুক্তরাষ্ট্রের বিপক্ষে) এমন হার কখনোই ভালো কিছু নয়। ভারত ম্যাচের জন্য এই দলকে অনুপ্রাণিত করার দরকার আছে বলে আমার মনে হয় না। আমি মনে করি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যিকার অর্থে আমরা একটি দল হিসেবে কাজ করি।”

“হ্যাঁ, ভালো পারফরম্যান্স করার জন্য আমাদের এমন খেলোয়াড় দরকার, কিন্তু আমি মনে করি এ ধরনের ম্যাচে প্রয়োজন সত্যিকারের দলীয় প্রচেষ্টা। এটি একটি বড় ম্যাচ, তাই আমরা এটিকে অন্য যে কোনো ম্যাচের মতোই বিবেচনা করব। তবে অবশ্যই আমাদের সেরাটা দিতে হবে। দল অনুপ্রাণিত আছে। আমি বলতে চাইছি, আপনি যদি এই প্রশ্নটি করেন তাহলে বলব, দুদিন আগে সব ভুলে গেছি। এখন তো আর এই ফল পাল্টাতে পারি না। ওটা অতীত হয়ে গেছে। তাই, এগিয়ে যেতে হবে।”

পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন বেশিদিন হয়নি কার্স্টেনের। এখনই তার জন্য সবকিছু গুছিয়ে নেওয়া কঠিন। তবে দলটির খেলোয়াড়দের সঙ্গে মিশে বেশ ভালোই লাগছে তারা।

“আমি ১৩ দিন ধরে দলের সঙ্গে আছি, তাই আমার জন্য এখনও নতুন। পাকিস্তান দলের সঙ্গে কাজ করতে পারা সত্যিই সৌভাগ্যের। খেলোয়াড়দের সঙ্গ উপভোগ করছি, তারা দারুণ মানুষ, তারা তাদের দেশের জন্য নিজের সেরাটা দিচ্ছে এবং প্রত্যেকেরই খেলার একটি ভিন্ন ধরন রয়েছে। আমার কাজ হচ্ছে তাদের এভাবে বোঝা এবং দল হিসেবে আমরা যা করার চেষ্টা করছি তার সঙ্গে কীভাবে এটাকে একীভূত করা যায়, সেটা দেখা।”

নিউ ইয়র্কে রোববার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।