২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার স্মরণীয় জয়

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেয়ে গেল কানাডা।

আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার স্মরণীয় জয়
১৩৭ রানের পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে জিতল কানাডা। ছবি: টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 12:05 AM

Updated : 10 Sep 2026, 12:07 PM

আগের দুই ম্যাচের তুলনায় নিউ ইয়র্কের উইকেট এবার ব্যাটিংয়ের জন্য ভালো। প্রাথমিক বিপর্যয় সামলে নিকোলাস কার্টন ও শ্রেয়াস মোভার রেকর্ড জুটিতে লড়ার মতো পুঁজি পেল কানাডা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটিকেই প্রতিপক্ষের জন্য কঠিনতম করে তুললেন বোলাররা। আয়ারল্যান্ডকে চমকে দিয়ে ঐতিহাসিক জয়ের আনন্দে মাতল কানাডা।  

‘এ’ গ্রুপের ম্যাচে শুক্রবার কানাডার জয় ১২ রানে। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেয়ে গেল তারা।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কানাডা ৭ উইকেটে করে ১৩৭ রান। জবাবে ৭ উইকেটেই ১২৫ রানে থামে আয়ারল্যান্ড।

আসরে পরপর দুই দিন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জিতল আইসিসির সহযোগী দেশ। বৃহস্পতিবার পাকিস্তানকে সুপার ওভারে হারায় যুক্তরাষ্ট্র।

কানাডার জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রাখেন কার্টন। ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৫১ রান, তবে ১৯৪ রানের পুঁজি গড়েও যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছিল কানাডা।

৩৬ বলে ৩ চারে ৩৭ রান করেন মোভা। পঞ্চম উইকেটে কার্টনের সঙ্গে ৬৩ বলে ৭৫ রানের জুটি গড়েন তিনি। এই সংস্করণে পঞ্চম উইকেটে যা কানাডার রেকর্ড, ২০২২ সালে বাহরাইনের বিপক্ষে পারগাত সিং ও সাদ বিন জাফারের ৫৪ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ। 

বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ১৬ রানে ২ উইকেট নেন পেসার জেরেমি গর্ডন। আরেক পেসার ডিলন হেলিগার ১৮ রানে ধরেন ২ শিকার।

এই মাঠে বিশ্বকাপে আগের দুই ম্যাচে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৭৭ ও আয়ারল্যান্ড ৯৬ রানে গুটিয়ে যায়। এখানকার ড্রপ ইন পিচ ও আউটফিল্ড নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা উইকেটকে খুব বাজে বলে মন্তব্য করেন। পরে বিষয়টি স্বীকার করে নিয়ে উইকেটের মান বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানায় আইসিসি। তাদের কথার প্রতিফলন অবশ্য দেখা গেল কিছুটা।

উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন না হলেও কানাডার শুরুটা ভালো ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে নাভনিত ধালিওয়ালকে হারায় তারা। আরেক ওপেনার অ্যারন জনসন তিনটি চার মারলেও আউট হয়ে যান ১৪ রান করে। 

তিনে নেমে ১৪ বলে ১৮ রান করে ফেরেন পারগাত। দিলপ্রিত টিকতেই পারেননি। নবম ওভারে ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কানাডা।

সেখান থেকে কার্টন ও মোভার ৭৫ রানের ওই জুটিতে লড়াইয়ের পুঁজি গড়ে তারা।

লক্ষ্য তাড়ায় সতর্ক শুরু করেন পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নি। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৫ রান করে আয়ারল্যান্ড।

তবে পরের তিন ওভারে তারা হারায় ৩ উইকেট। স্টার্লিং ৯ রান করতে খেলেন ১৭ বল। বালবার্নি, লর্কান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি- কেউই ভালো করতে পারেননি। 

ত্রয়োদশ ওভারে ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা দূরে সরে যায় আয়ারল্যান্ড। সেখান থেকে চেষ্টা চালান জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ার। তাদের পঞ্চাশোর্ধ জুটিতে আশাও জাগায় আইরিশরা। 

শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। তবে দ্বিতীয় বলে আউট হয়ে যান অ্যাডায়ার (২৪ বলে ৩৪)। আয়ারল্যান্ডও আর পেরে ওঠেনি। এই ওভারে স্রেফ ৪ রান দেন গর্ডন।

আসরে প্রথম দুই ম্যাচেই হারল আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

কানাডা: ২০ ওভারে ১৩৭/৭ (জনসন ১৪, ধালিওয়াল ৬, পারগাত ১৮, দিলপ্রিত ৭, কার্টন ৪৯, মোভা ৩৭*, হেলিগার ০, সাদ ১*; অ্যাডায়ার ৪-০-২৩-১, লিটল ৪-০-৩৭-০, ইয়াং ৪-০-৩২-২, ম্যাককার্থি ৪-০-২৪-২, ডেলানি ২-০-১০-১, ক্যাম্পার ২-০-১১-০)

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৫/৭ (বালবার্নি ১৭, স্টার্লিং ৯, টাকার ১০, টেক্টর ৭, ক্যাম্পার ৪, ডকরেল ৩০*, ডেলানি ৩, অ্যাডায়ার ৩৪, ম্যাককার্থি ২*; কালিম ৪-০-৩৮-০, গর্ডন ৪-০-১৬-২, জুনাইদ ৪-০-২৭-১, সাদ ৪-০-২২-১, হেলিগার ৪-০-১৮-২)

ফল: কানাডা ১২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নিকোলাস কার্টন