‘কঠিন হবে টেস্ট সিরিজ’
খুব সহজেই টি-টোয়েন্টি সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা হেরেছে ওয়ানডে সিরিজে। অতিথি দলের কোচ রাসেল ডমিঙ্গোর ধারণা, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও তাদের জন্য কঠিন হতে যাচ্ছে।
শুক্রবার অনুশীলনের আগে দক্ষিণ আফ্রিকার কোচ দলের প্রতিনিধি হয়ে আসেন সাংবাদিকদের সামনে।
প্রথম ওয়ানডেতে জেতার পরও সিরিজ ২-১ ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। দলের কোচ মনে করেন, তাদের বিপক্ষে সিরিজ জেতায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে স্বাগতিকরা।
“(বাংলাদেশ) ওরা আত্মবিশ্বাসী। ওরা ওয়ানডেতে ভালো খেলে, আমাদের ওয়ানডে সিরিজে হারিয়েছে। ওদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকবে।”
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বিবর্ণ। আট ম্যাচ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তারা। অতিথিদের এই সব জয়ের সাতটি আবার ইনিংস ব্যবধানে। তবে এবার লড়াই হবে মনে করছেন ডমিঙ্গো।
“আমরা জানি, এটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। উইকেট ওদের জন্য মানানসই হবে। ওদের হারাতে আমাদের আগামী কয়েক দিন খুব ভালো প্রস্তুতি নিতে হবে।”
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
