ব্যাটিংয়ে সেরার তালিকায় সৌম্য, তামিম
প্রথম ম্যাচে ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর পরের দুই ম্যাচে তাদের বেশিরভাগেরই খুব একটা ব্যাটিংয়ের সুযোগ মেলেনি। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় সৌম্য সরকার ও তামিম ইকবাল ছাড়া নেই স্বাগতিকদের আর কোনো ব্যাটসম্যান।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তারা ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েন।
কেবল জয় এনে দেওয়াই নয়, সমালোচকদের মুখও বন্ধ করেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য। টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে করেন দারুণ দুই অর্ধশতক। ১০২.৫ গড়ে ২০৫ রান করেন তিনি। তৃতীয় ওয়ানডেতে সর্বোচ্চ ৯০ রান করে এই ব্যাটসম্যান হন সিরিজ সেরাও।
সৌম্যর ধারে কাছেও যেতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ১১০ রান আসে ফাফ দু প্লেসির ব্যাট থেকে। ৫৫ গড়ে এই রান করেন তিনি।
রাইলি রুশো ও তামিম দুজনেই করেন ৬৬ রান। প্রথম ওয়ানডেতে অপরাজিত ৪৫ রানের ভালো একটি ইনিংস খেলার পর শেষ দুই ওয়ানডে এক রকম ব্যর্থই রুশো। তামিম শেষ ওয়ানডেতে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে জায়গা করে নেন সেরা পাঁচে।
জেপি দুমিনি প্রথম ম্যাচে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। তবে তৃতীয় ওয়ানডেতে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে ৬৪ রান করে আছেন পঞ্চম স্থানে।
ব্যাটসম্যানদের এই তালিকাই বলে দেয় কী দুর্দান্ত দাপট ছিল বোলারদের। সেখানে রাজত্ব করেছেন স্বাগতিকরাই। সেরা পাঁচ বোলারের চার জনই হলেন বাংলাদেশের।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যান :
| ইনিংস | রান | সর্বোচ্চ | গড় |
সৌম্য সরকার | ৩ | ২০৫ | ৯০ | ১০২.৫০ |
ফাফ দু প্লেসি | ৩ | ১১০ | ৬৩* | ৫৫.০০ |
রাইলি রুশো | ৩ | ৬৬ | ৪৫* | ৩৩.০০ |
তামিম ইকবাল | ৩ | ৬৬ | ৬১* | ৩৩.০০ |
জেপি দুমিনি | ২ | ৬৪ | ৫১ | ৩২.০০ |
