বোলিংয়ে বাংলাদেশের আধিপত্য
অভিষেকে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া কাগিসো রাবাদাই কেবল আছেন সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের সেরা পাঁচ বোলারের তালিকায়। দক্ষিণ আফ্রিকার এই পেসার ছাড়া তালিকার বাকি চার জনই স্বাগতিক বাংলাদেশের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে স্বাগতিকদের প্রথমবারের মতো সিরিজ জয়ে ভালো ভূমিকা আছে তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের।
ভারত সিরিজে সবটুকু আলো কেড়ে নিয়েছিলেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফর্ম ধরে রাখেন বাঁহাতি এই পেসার। প্রোটিয়ারা পাল্টা-আক্রমণ তো করতে পারেনইনি, বরং এই পেসারকে সামলাতেই বেগ পেতে হয় তাদের।
শুরুতে উইকেট নিয়ে অতিথিদের চাপে ফেরার কৃতিত্ব মুস্তাফিজেরই। আর শেষ দিকে তার কাটার রীতিমত ভীতি ছড়িয়েছে। সিরিজে তিনি পেয়েছেন পাঁচ উইকেট; ভাগ্য আরেকটু সহায়তা পেলে পেতে পারতেন আরও কয়েকটি। সিরিজে ওভার প্রতি সবচেয়ে কম রান দেওয়ার কৃতিত্ব তারই।
অভিষেক ১৬ রানে ৬ উইকেট নেওয়া রাবাদা আছেন সবার ওপরে। তিন ম্যাচে ৮ উইকেট নেন এই তরুণ পেসার। ওয়ানডেতে নিজের প্রথম ১০ ওভারই এই আট উইকেট নেন তিনি। পরের ১১ ওভারে কোনো উইকেট পাননি তিনি, এই সময়ে উল্টো তার ওপর চড়াও হন স্বাগতিক ব্যাটসম্যানরা।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভালো বোলিং করতে না পারায় রুবেল হোসেন বাদ পড়েছিলেন প্রথম ওয়ানডেতে। দ্বিতীয় ওয়ানডে ফিরে দারুণ বোলিং করেন এই পেসার। তৃতীয় ওয়ানডেতেও দলের জয়ে অবদান রাখেন তিনি। দুই ম্যাচে ১৫ ওভার বল করে ৬৩ রান দিয়ে চার উইকেট নেন তিনি।
অন্যরা নাসির হোসেনকে যেভাবেই চিনুন, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছে তিনি দলের অন্যতম সেরা বোলার। এই অফস্পিনারের ওপর আস্থা থাকার কথা কয়েকবারই বলেন তিনি। সেই আস্থার প্রতিদানও দেন নাসির। সিরিজে ২১ গড়ে তার শিকার চার উইকেট।
তালিকার পঞ্চম স্থানে আছেন মাশরাফি। ওয়ানডেতে দুইশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করা এই পেসার নেন ৩ উইকেট। সিরিজে তিন উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানও।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সেরা পাঁচ বোলার :
| ম্যাচ | উইকেট | সেরা | গড় |
কাগিসো রাবাদা | ৩ | ৮ | ৬/১৬ | ১২.৭৫ |
মুস্তাফিজুর রহমান | ৩ | ৫ | ৩/৩৮ | ১৫.৪০ |
রুবেল হোসেন | ২ | ৪ | ২/২৯ | ১৫.৭৫ |
নাসির হোসেন | ৩ | ৪ | ৩/২৬ | ২১.০০ |
মাশরাফি বিন মুর্তজা | ৩ | ৩ | ১/১৭ | ২৭.৩৩ |
