২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারিতেও থাকবে বাংলাদেশ-ভারত লড়াই

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিমরা ঘাম ঝরাচ্ছেন। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রস্তুতি চলছে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদেরও। ২২ গজে যেমন মাশরাফিরা ভারতের বিপক্ষে লড়বেন, তেমনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গ্যালারিতে ভারতীয় সমর্থকদের বিপক্ষে লড়বেন তারাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলুল বারী, মেলবোর্ন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 07:06 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি নিয়ে মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের নানা প্রস্তুতি চলছে। ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চায় তারা। এরই মধ্যে ফেইসবুকে খোলা হয়েছে বিশেষ ইভেন্ট পেজ। সেখানে পাওয়া যাচ্ছে তাদের প্রস্তুতির নানা তথ্য।

খেলা উপলক্ষে সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেইড, ব্রিসবেনসহ নানা শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা আসছে মেলবোর্নে। মেলবোর্ন প্রবাসী বাংলাদেশি যুবক মুন্না বলেন, "বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে তারা ঈদের প্রস্তুতির মতো ব্যস্ততায় আছেন।"

প্রায় ৯০ হাজার ধারণক্ষমতার এমসিজিতে বৃহস্পতিবার ৭০ থেকে ৭৫ হাজার ভারতীয় ম্যাচ দেখতে আসতে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশিদের সংখ্যা হতে পারে হাজার পনের। সংখ্যায় কম হলেও সমর্থনে পাল্লা দিতে চায় তারা। 

মুন্নার মতো ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই।

শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, ভারতের বিপক্ষে এদিন অস্ট্রেলিয়ানদের কিছু সমর্থক বাংলাদেশকে সমর্থন দেবে। এদের মধ্যে একজন ক্রিস হেজেস।

মেলবোর্ন থেকে দেড়শ' কিলোমিটার দূরের এলাকা বালারাতে থাকেন ক্রিস। পেশায় কৃষিজীবী ক্রিসের জন্ম ইংল্যান্ডে। ৬০ বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন। পরিচয় হতেই জানালেন, ক্রিকেট খেলা তেমন পছন্দ করেন না, তবে তিনি মেলবোর্ন এসেছেন বাংলাদেশ-ভারতের খেলা দেখতে।

টেলিভিশনে বাংলাদেশের কাছে জন্মভূমি ইংল্যান্ডের নাস্তানাবুদ হওয়া দেখে বাংলাদেশের প্রতি আগ্রহ জন্মেছে ক্রিসের।

ভারত দলের সঙ্গে বিশ্বকাপ কাভার করতে প্রচুর ভারতীয় সাংবাদিক এসেছেন। এমসিজির আশপাশ এলাকার যে দিকে চোখ যায় শুধু ভারতীয় সাংবাদিক! তাদের একজন গুজরাটের এক টিভি চ্যানেলের সাংবাদিক অরবিন্দ মনে করেন, বৃহস্পতিবারের ম্যাচকে সামনে রেখে বেশ চাপের মধ্যে আছে ভারতীয় দল। বাংলাদেশ ভালো খেলছে আর ইংল্যান্ডকে ছিটকে কোয়ার্টার-ফাইনালে উঠে এখন চোখ রাঙ্গাচ্ছে ভারতকে। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়, এই কারণেই বাংলাদেশের বিপক্ষে ভারত চাপে আছে বলে মনে করেন অরবিন্দ।

পুরনো খবর:

ব্যাটিং নিয়ে নির্ভার বাংলাদেশ
স্বপ্ন দেখাচ্ছেন পেসাররা
কোয়ার্টার-ফাইনাল উপভোগের মন্ত্র বাংলাদেশ কোচের
ভারতের পেস বোলিংয়ে সমীহ হাথুরুসিংহের
বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার গৌল্ড, দার
নতুন উচ্চতায় ওঠার স্বপ্ন বাংলাদেশের
মাহমুদুল্লাহর ক্যারিয়ার সেরা রেটিং