হ্যামিল্টনে অর্ভ্যথনা জানাল বৃষ্টি
বৃষ্টি অভ্যর্থনা জানিয়েছে হ্যামিল্টনে। বৃহস্পতিবার অকল্যান্ড থেকে সড়কে হ্যামিল্টন আসার পথে ঝড়-বৃষ্টি দেখে দেখে আসতে হয়েছে। শহরটায় পৌঁছার পরও চলছিল ঝিরঝির ইলশে গুঁড়ি। থামার যেন নাম নেই!
এই শহরেই শুক্রবার সহ-আয়োজক নিউজিল্যাল্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।
বৃষ্টি অবশ্য সমস্যা কিছু করলই। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে সেডন পার্কে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আর বৃষ্টির কারণে স্বাগতিক নিউ জিল্যান্ড দল খোলা মাঠে অনুশীলনই করতে পারেনি।
বৃহস্পতিবার হ্যামিল্টন পৌঁছে বিশ্বকাপের আঁচ বেশ টের পাওয়া গেল। পথে পথে ব্যানার-ফেস্টুন। দোকানে দোকানে ঝুলছে বিশ্বকাপের দলগুলোর ছোট ছোট পতাকা। সিটি সেন্টারের কাছের হোটেলের সামনের রাস্তার পাশে ঝুলানো পাশাপাশি বিরাট আকারের দুটি পতাকা-একটি বাংলাদেশের, অন্যটি নিউ জিল্যান্ডের।
নিউ জিল্যান্ডের আর সব শহরের মতো হ্যামিল্টনও ছবির মতো সাজানো আর সুন্দর।
এমনিতে হ্যামিল্টন প্রবাসী বাংলাদেশি পরিবার আট কি দশটিই আছে। মাঠের বাংলাদেশ সমর্থকগোষ্ঠীদের গ্যালারি ভরাতে ভরসা অকল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। অকল্যান্ডেও যে খুব বেশি বাংলাদেশি পরিবার আছে, তা নয়। তবে সংখ্যাটা হ্যামিল্টনের তুলনায় অনেক বেশি। তিন থেকে সাড়ে তিন হাজার বাংলাদেশি পরিবারের বসবাস সেখানে।
প্রবাসী ছাত্রদের সংখ্যাও কিছু আছে। তাও আবার ৫-৬ শ'র বেশি নয়। গাড়িতে প্রায় দুই ঘণ্টার পথ মাড়িয়ে এরা খেলতে দেখতে আসবেন, এই অপেক্ষাতেই আছে সবাই।
অকল্যান্ড প্রবাসী প্রকৌশলী শফিকুল রহমান ভূঁইয়া অনু জানালেন, তাদের অনেকে দু'তিন মাস আগে টিকেট কিনেছেন। বাংলাদেশ দলের জার্সি আর জাতীয় পতাকা আনিয়েছেন দেশ থেকে। খেলাটা নিয়ে তাদের এমন অনেক প্রস্তুতি। খেলার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি খেলার আগে সেডন পার্কের ফান জোনে হবে।
গাড়িতে লাল-সবুজ পতাকা লাগিয়ে অকল্যান্ড থেকে আসবে বাংলাদেশিদের গাড়ির বহর। বহরে থাকবে ৪ টি বাস ও শতাধিক গাড়ি। খেলা উপলক্ষে অনেকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবও দেশ থেকে এসেছেন। সব মিলিয়ে বাংলাদেশের খেলাটি নানাভাবে প্রবাসী পরিবারগুলোকে নাড়া দিয়েছে।
