মাশরাফি-রুবেলদের সামলাতে আত্মবিশ্বাসী নিউ জিল্যান্ড
ইংল্যান্ডের বিপক্ষে পেসারাই ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে। তবে নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এ নিয়ে চিন্তিত নন। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন আর তাসকিন আহমেদদের সমন্বয়ে গড়া পেস আক্রমণকে তার দল সামলাতে পারবে বলে আত্মবিশ্বাসী তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ১৫ রানের জয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আগে ব্যাট করে ২৭৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৬০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দুটি রান আউট বাদে ৮টি উইকেটই নেন বাংলাদেশের তিন পেসার।
শুধু ইংল্যান্ডের বিপক্ষেই নয়, এই বিশ্বকাপেই বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স ভালো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়। বাকি চার ম্যাচে বাংলাদেশের তিন পেসার ৬টি করে উইকেট নিয়েছেন।
শুক্রবার হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসারদের আলো ছড়ানো এই পারফরম্যান্সের প্রসঙ্গটি আসে। ম্যাককালাম জানান, বাংলাদেশের পেস আক্রমণ সামলাতে তার দল তৈরি।
“কিছুদিন ধরে আমরা ভালো কিছু দ্রুতগতির বোলারদের মুখোমুখি হয়েছি। তাই আমি আশা করছি, আমরা তাদের (বাংলাদেশের পেসার) সঙ্গে লড়াই করতে পারব।”
শুধু পেসাররাই নয়, পুরো বাংলাদেশ দলই আগের চেয়ে অনেক উন্নতি করেছে বলে মনে করেন ম্যাককালাম। আর আগামী কয়েক বছরে তারা আরও উন্নতি করবে বলে মনে করেন তিনি।
