২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্নকে নিয়ে অনিশ্চয়তায় কিউইরা

বাংলাদেশ ম্যাচে পেসার অ্যাডাম মিল্নকে নিয়ে অনিশ্চয়তায় আছে নিউ জিল্যান্ড। তবে পেটের সমস্যা কাটিয়ে কেন উইলিয়ামসন অনুশীলনে ফেরায় স্বস্তি ফিরেছে দাপটের সঙ্গে কোয়ার্টার-ফাইনালে ওঠা দলটির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 10:02 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

হ্যামিল্টনের সেডন পার্কে আগামী শুক্রবার বিশ্বকাপের এ আসরে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউ জিল্যান্ড ও আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭ টায়।

গত রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান মিল্ন। তবে হ্যামিল্টনে তামিমদের বিপক্ষে এই পেসারকে পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন ম্যাককালাম।

“সকালে আবার মিল্নকে দেখব আমরা; তার কাঁধে এখনো একটু ব্যথা আছে এবং এটা দেখেই আমরা সিদ্ধান্ত নেব।”

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এই আসরে খেলা গত পাঁচ ম্যাচে চার উইকেট পান মিল্ন। হ্যামিল্টনে তিনি খেলতে না পারলে সুযোগ মিলতে পারে মিচেল ম্যাকক্লেনাগানের।

গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন ব্যাটসম্যান উইলিয়ামসন। নিউ জিল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, নেটের অনুশীলনে ফিরেছেন উইলিয়ামসন।

“কেন ব্যাটিং অনুশীলন করেছে এবং তাকে লম্বা সময় দমিয়ে রাখা কঠিন। তাকে ভালো দেখাচ্ছে।”

ড্যানিয়েল ভেটোরি ও গ্রান্ট এলিয়টও অসুস্থ ছিলেন। তবে বাংলাদেশ ম্যাচে সবাইকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউ জিল্যান্ড অধিনায়ক।

“আমাদের কিছুটা চোট ও অসুস্থতার সমস্যা আছে কিন্তু অধিকাংশই ভালো আছে।”

টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপের একাদশ আসরের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড। আর গত সোমবার অ্যাডিলেইডের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আট খেলার টিকেট পায় মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ।