২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্লান্ত শিষ্যদের প্রশংসায় হাথুরুসিংহে

কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও ঘাম ঝরিয়েই নিউ জিল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে নিয়েছে বাংলাদেশ। অনুশীলনে অক্লান্ত পরিশ্রম করা শিষ্যরা তাই প্রশংসা পেল কোচ চন্দিকা হাথুরুসিংহের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 03:36 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

পুরনো খবর:

স্পিনে ম্যাককালামকে আটকানোর ছক বাংলাদেশের
প্রতিশোধ নিয়ে ভাবছেন না ম্যাককালাম
‍কিউইদের বিপক্ষে ভালো শুরু চান বাংলাদেশ কোচ
ম্যাককালামের সাকিব স্তুতি
ম্যাককালামকে শুরুতেই থামাতে চায় বাংলাদেশ
মাশরাফি-রুবেলদের সামলাতে আত্মবিশ্বাসী নিউ জিল্যান্ড
সাকিবদের ঘূর্ণির হুমকি পাত্তা দিচ্ছেন না কিউই অধিনায়ক
নিউ জিল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত মাশরাফি

আগামী শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে তারা। 
 
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, “দেশের জন্য বিশ্বকাপে খেলাই (নিউ জিল্যান্ড ম্যাচে) ভালো প্রস্তুতি নেয়ার জন্য যথেষ্ট। আমার মনে হয়, ছেলেদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ওদের কঠোর অনুশীলন করে প্রস্তুত হতে কখনো ক্লান্ত হতে দেখিনি।”
 
বাংলাদেশের কোচ জানান, কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হওয়ায় শিষ্যদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে।
 
“পুরো টুর্নামেন্টেই ছেলেরা আত্মবিশ্বাসী ছিল। তবে কোয়ার্টার-ফাইনালে যাওয়াটা ওদের আরো কিছুটা বেশি স্বাধীনতা দিচ্ছে। এই কন্ডিশনে নিউ জিল্যান্ডের বিপক্ষে আমরা কিভাবে খেলব, তার একটি পরিকল্পনা আছে আমাদের। আমরা সেই দিকেই মনোযোগ দিচ্ছি।”
 
হাথুরুসিংহে জানান, ব্যর্থতায় ভয় নেই বাংলাদেশের। নিজেদের ওপর কখনো আস্থা হারাননি তারা। এমনকি স্কটল্যান্ড তিনশ’ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয়ার পরও।
 
“আমার মনে হয়, এই গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে যাওয়া বাংলাদেশ দলের জন্য অনেক বড় অর্জন। দুই সহ-আয়োজকের সঙ্গে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড আছে গ্রুপে। আমাদের বিশ্বাস ছিল, আমরা এটা করতে পারব।”