স্পিনে ম্যাককালামকে আটকানোর ছক বাংলাদেশের
বিশ্বকাপে নিউ জিল্যান্ডের টানা পাঁচ ম্যাচ জয়ের পেছনে অবদান কম নয় ব্রেন্ডন ম্যাককালামের। তাই শুরুতেই নিউ জিল্যান্ড অধিনায়ককে থামাতে চায় বাংলাদেশ। বোলিং কোচ রুয়ান কালপাগে স্পিনে ম্যাককালামকে ঠেকানোর ইঙ্গিত দিয়েছেন।
পেসারদের দাপটে আগের ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে কোনো উইকেট পাননি স্পিনাররা। তবে শিষ্যদের প্রতি আস্থা হারাননি কালপাগে। তিনি জানিয়েছেন, বাংলাদেশের পরিকল্পনায় ভালো ভাবেই থাকবেন স্পিনাররা।
“স্পিনারদের বিপক্ষে তাকে শুরু করতে হয়নি। আমাদের জন্য কঠিন হবে, তবে তার জন্য পরিকল্পনা রয়েছে। আমি মোটামুটি নিশ্চিত, এটা স্পিনারদের সহায়তা করবে।”
বিশ্বকাপে পাঁচ ম্যাচে ম্যাককালামের স্কোর এমন- ৪২, ৫০, ৭৭, ১৫ ও ৬৫। কেবল স্কটল্যান্ডের বিপক্ষেই তেমন কিছু করতে পারেননি এই উদ্বোধনী ব্যাটসম্যান। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা এই চার প্রতিপক্ষকে দিতে হয়েছে শুরুতেই ম্যাককালাম ঝড় ঠেকাতে না পারার মাসুল।
আগামী শুক্রবার হ্যামিল্টনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
মেলবোর্নে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজাদের সেই ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়নি।
