২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাওয়াশ’ ভোলেননি নিউ জিল্যান্ড কোচ

সর্বশেষ বাংলাদেশ সফরের স্মৃতি ভুলতে পারেননি নিউ জিল্যান্ড কোচ মাইক হেসন। ভোলার কথাও নয়; মুশফিকদের কাছে যে সেবার তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

সেই বাংলাওয়াশের প্রায় দেড় বছর পর যখন ফের বাংলাদেশের মুখোমুখি হওয়ার অপেক্ষায় নিউ জিল্যান্ড, তখন হেসনকেও ঘিরে ধরছে অস্বস্তি। এবারের ম্যাচটি ম্যাককালাম-গাপটিলদের ঘরের মাঠ হ্যামিল্টনে। তারপরও কিউই কোচ একেবারে নির্ভার থাকতে পারছেন না। কোচ হিসেবে বাংলাদেশ সফরের সেই তিক্ত অভিজ্ঞতা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।

“বাংলাদেশ তাদের মাঠে আমাদের বিপক্ষে ভালো করেছিল এবং আমরা সেটা ভুলতে পারি না। এটা আমাদের জন্য বড় ম্যাচ।”

হ্যামিল্টনে আগামী শুক্রবার বিশ্বকাপের চলতি আসরের গ্রুপ পর্বে দুই দলই নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে। ওয়ানডেতে এ নিয়ে ২৫তম বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে তারা।

টানা পাঁচ জয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। আর গত সোমবার ইংল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠার আনন্দে টগবগ করে ফুটছে মাশরাফি বিন মুর্তজার দল।

হ্যামিল্টনের ম্যাচ থেকে বাড়তি আত্মবিশ্বাস নেওয়ার আশাবাদ আগেই জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। নিউ জিল্যান্ড কোচও চাইছেন জয়রথে থেকে শেষ আটের মঞ্চে উঠতে।

“অবশ্যই কোয়ার্টার-ফাইনালে যাওয়ার পথে আমরা আরো ছন্দ পেতে চাই।”

২০১৩ সালে বাংলাওয়াশ হওয়ার আগের সফরেও বাংলাদেশে এসে নাকানি-চুবানি খেয়েছিল নিউ জিল্যান্ড। ২০১০ সালের সেই সফরে পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৪-০ ব্যবধানে হেরেছিল তারা।

দুই দলের সর্বশেষ আট ম্যাচের পরিসংখ্যানে তাই একক অধিপত্য বাংলাদেশের। হ্যামিল্টনের ম্যাচটি হেসনের নিউ জিল্যান্ডের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছেই।