২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালামকে শুরুতেই থামাতে চায় বাংলাদেশ

জ্বলে উঠার আগেই ব্রেন্ডন ম্যাককালামকে বিদায় করতে চায় বাংলাদেশ। দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে জানিয়েছেন, নিউ জিল্যান্ড অধিনায়ককে দ্রুত বিদায় করতে কিছু পরিকল্পনাও তাদের রয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 12:47 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেন, “ম্যাককালামকে দ্রুত ফেরানো খুব কঠিন হবে। সে বরাবরই এটা করে আসছে। সে ভয়হীন ক্রিকেট খেলে।”
 
হাথুরুসিংহে জানান, ম্যাককালামকে থামাতে নিজেদের শক্তি অনুযায়ী খেলবে বাংলাদেশ। তিনি বলেন, “আমাদের কিছু পরিকল্পনা আছে। এই সব পরিকল্পনা বাস্তবায়ন এই ম্যাচ জেতার জন্য খুব গুরুত্বপূর্ণ। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যাকে আমাদের দ্রুত বিদায় করতে হবে।” 
 
বিশ্বকাপে পাঁচ ম্যাচে ম্যাককালামের স্কোর এমন- ৪২, ৫০, ৭৭, ১৫ ও ৬৫। কেবল স্কটল্যান্ডের বিপক্ষেই তেমন কিছু করতে পারেননি এই উদ্বোধনী ব্যাটসম্যান। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা এই চার প্রতিপক্ষকে দিতে হয়েছে শুরুতেই ম্যাককালাম ঝড় ঠেকাতে না পারার মাসুল।
 
আগামী শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
 
এর আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে স্পিন দিয়ে ম্যাককালামকে দ্রুত ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন।
 
হাথুরুসিংহে জানান, কোনো নির্দিষ্ট একটি পরিকল্পনা নিয়ে থাকবে না বাংলাদেশ। প্রয়োজনে ভিন্ন কৌশল নেয়ার পরিকল্পনা শুরু থেকেই আছে তাদের।
 
“আমাদের একই পরিকল্পনায় অনড় থাকার দরকার নেই। কম্বিনেশন বা খেলার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে আমরা ভীত নেই। আমাদের কোচদের কিছু ধারণা আছে। তবে লক্ষ্যটা হচ্ছে এগিয়ে যাওয়া এবং বাস্তবায়ন করা।”
 
বাংলাদেশের দুই বোলিং কোচ হলেন রুয়ান কালপাগে ও হিথ স্ট্রিক। প্রধান কোচ হাথুরুসিংহেই বাংলাদেশের ব্যাটিংয়ের দিকটা দেখেন।

পুরনো খবর:

আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচে নির্ভার বাংলাদেশ
পরিসংখ্যানে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড ম্যাচ
বাংলাদেশ ম্যাচে বৃষ্টির শঙ্কা
মিল্নকে নিয়ে অনিশ্চয়তায় কিউইরা