২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‍কিউইদের বিপক্ষে ভালো শুরু চান বাংলাদেশ কোচ

দারুণ ছন্দে আছে টানা পাঁচ ম্যাচ জেতা নিউ জিল্যান্ড। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের হারাতে শিষ্যদের কাছে তাই ভালো একটা শুরু চেয়েছেন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 01:27 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে এরই মধ্যে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জানান, শেষ আট নয়, তাদের ভাবনা জুড়ে রয়েছে নিউ জিল্যান্ড ম্যাচ। 
 
“আমরা নিউ জিল্যান্ড ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। এরপর কোয়ার্টার-ফাইনাল নিয়ে ভাবব। আমি বিশ্বাস করি, আমরা এমন কিছু করতে পারি, যা আগে কখনো করিনি। ভালো শুরু হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের শুরুটা ভালো করতে হবে।” 
 
টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ড্যানিয়েল ভেটোরির উপস্থিতিতে নিউ জিল্যান্ডের বোলিং আক্রমণ খুব শক্তিশালী। আগের পাঁচ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করে তারা। তাই পুরো ৫০ ওভার ব্যাটিংয়ের ব্যাপারটিও ভাবনায় রাখতে হচ্ছে বাংলাদেশকে।
 
“আমরা ওদের শক্তি সম্পর্কে জানি। ওদের বোলিং আক্রমণ খুব ভালো। পুরো ওভার ব্যাটিং করার ব্যাপারটিও আমাদের মাথায় রয়েছে। আমরা এই দিকে মনোযোগ দিচ্ছি।”
 
নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। হাথুরুসিংহে মনে করেন, ছন্দে থাকা দলকে হারাতে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে তার শিষ্যদের।

“আমার মনে হয়, ঘরের মাঠে খেলা সব সময়ই বাড়তি সুবিধা এনে দেয়। ওরা ছন্দে থাকা একটি দল; অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে তারা হারিয়েছে। ওদের হারাতে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।”

পুরনো খবর:

আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচে নির্ভার বাংলাদেশ
পরিসংখ্যানে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড ম্যাচ
বাংলাদেশ ম্যাচে বৃষ্টির শঙ্কা
মিল্নকে নিয়ে অনিশ্চয়তায় কিউইরা