২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-ছেলেকে ইতিহাস গড়া শতক উৎসর্গ মাহমুদুল্লাহর

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করা শতকটি স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিরতির সময় দেওয়া প্রতিক্রিয়ায় শতকের ইনিংসটাকে আরো লম্বা করতে না পারার আক্ষেপের কথাও জানান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 02:35 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

পুরনো খবর:

প্রশংসায় ভাসছেন ‘বিধ্বংসী’ রুবেল
সেই পেসাররাই জেতালেন বাংলাদেশকে
ইংল্যান্ড কোচের মাহমুদুল্লাহ স্তুতি
স্বপ্ন পূরণের উচ্ছ্বাস মাহমুদুল্লাহর
ধারাবাহিকতায় সন্তুষ্টি অধিনায়কের
মুশফিকের প্রশংসায় সতীর্থরা
‘দয়া করে পেসারদের সম্মান জানান’
জয়ের দিন মাশরাফিদের শাস্তি
ভারতের জন্যও প্রস্তুত মাশরাফি
বাংলাদেশের লক্ষ্য এবার নিউ জিল্যান্ড

অ্যাডিলেইড ওভালে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ বলে শতক করেন মাহমুদুল্লাহ। ৪৪তম ওভারের  তৃতীয় বলে স্টুয়ার্ট ব্রডকে অফসাইডে আলতো করে ঠেলে এক রান নিয়ে দারুণ এই মাইলফলকে পা রাখেন তিনি।

বাংলাদেশের ইনিংস শেষে দেওয়া প্রতিক্রিয়ায় মাহমুদুল্লাহ বলেন, “এটা ছিল আমার জন্য বিশেষ ইনিংস। ইনিংসটি আমার স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করছি।”

স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি ও ছেলে মোহাম্মদ মাহরুজ উল্লাহ রাঈদ অ্যাডিলেডেই ছিলেন; তবে মাঠে আসতে পারেননি তারা।

দলীয় ৮ রানে তামিম ইকবালের বিদায়ের পর উইকেটে আসেন মাহমুদুল্লাহ। শুরুতে একটু ধীরলয়ে ব্যাটিং করেন তিনি। ৬৯ বলে অর্ধশতক করা মাহমুদুল্লাহ তিন অঙ্কের ঘরে পৌঁছাতে খেলেন আরো ৬২ বল।

৪৬তম ওভারে ওভারে রান আউট হওয়ার আগে ১৩৮ বলে ১০৩ রান করেন মাহমুদুল্লাহ। এটি তার ওয়ানডেতে ব্যক্তিগত সেরা ইনিংসও। এই অলরাউন্ডারের আগের সর্বোচ্চ ছিল ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা অপরাজিত ৮২ রান।

দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার পরও আক্ষেপের কথা বলেন মাহমুদুল্লাহ, “খুবই ভালো অনুভব করছি, কিন্তু আরো কিছু রান করতে পারলে বেশি ভালো লাগত।”

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। গত বৃহস্পতিবার নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

শতক গড়ার পথে তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৮৬ ও পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৪১ রানের দুটি মূল্যবান জুটি গড়েন মাহমুদুল্লাহ।