জুবায়েরের স্পিনে ঢাকা বিভাগের সহজ জয়
জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডে ঢাকা মেট্রোকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ।
বুধবার চতুর্থ ও শেষ দিন ইনিংস ও ২৪ রানে জেতে ঢাকা বিভাগ। লিগে ইনিংস ব্যবধানে এটি তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম রাউন্ডে বরিশাল বিভাগকে ইনিংস ও ৪১৩ রানে হারিয়েছিল তারা।
জয়ের জন্য শেষ দিন খুব একটা অপেক্ষা করতে হয়নি ঢাকা বিভাগকে। জুবায়ের হোসেনের চমৎকার বোলিংয়ে প্রথম সেশনেই জয় তুলে নেয় তারা। প্রথম ইনিংসে ৯০ রানে অলআউট হওয়া মেট্রো দ্বিতীয় ইনিংসে করে ৪১১ রান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৮ উইকেটে ৩৭৩ রান নিয়ে খেলা শুরু করে মেট্রো। ইনিংস পরাজয় এড়াতে আরো ৬২ রান প্রয়োজন ছিল তাদের।
ঢাকাকে আবার ব্যাটিংয়ে নামাতে আগের দিন ৮৩ রানের জুটি গড়া জাবিদ হোসেন ও আবু হায়দারের দিকে তাকিয়ে ছিল মেট্রো। কিন্তু এই দিন খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি তারা।
দলের রান চারশ’ পার হওয়ার পরই হায়দারের উইকেট হারায় মেট্রো। ৬৮ রান করে তিনি জুবায়রের বলে উইকেটরক্ষক সগির হোসেনের ক্যাচে পরিণত হলে ভাঙে ১১৫ রানের চমৎকার জুটি।
এরপর আসিফ হাসানকে ফিরিয়ে ঢাকাকে জয় এনে দেন জুবায়ের। ৫৮ রানে অপরাজিত থাকেন জাবিদ।
জুবায়ের ১৪৩ রানে নেন ৪ উইকেট। এর আগে প্রথম ইনিংসে ২৩ রানে ৪ উইকেট নেন তিনি।
ক্যারিয়ার সেরা অপরাজিত ২৫৩ রানের চমৎকার ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ঢাকার উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ।
