ব্যাটসম্যানদের দৃঢ়তায় ম্যাচ বাঁচালো সিলেট
ব্যাটসম্যানদের দৃঢ়তায় রংপুর বিভাগের বিপক্ষে হার এড়িয়েছে সিলেট বিভাগ। ম্যাচ বাঁচাতে পুরো একটি দিন কাটিয়ে দিতে হত তাদের। রাজিন সালেহ, অলক কাপালীদের দৃঢ়তায় কঠিন সেই কাজটি ঠিকই করেছে তারা।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ দিন জয়ের জন্য ৪০৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য ছিল সিলেটের। ব্যাটসম্যানদের দৃঢ়তায় ম্যাচ শেষ হওয়ার আগে ৬ উইকেটে ৩২৬ রান করে তারা।
আগের দিন ৮ উইকেটে ৩০১ রান করা রংপুর চতুর্থ দিন আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে।
৪৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের। তবে রাহাতুল ফেরদৌসের ৫৫, রাজিনের ৫১ ও কাপালীর ৫০ রানের তিনটি চমৎকার ইনিংসের সুবাদে পরিস্থিতি সামাল দেয় তারা।
এরপরও ২৫০ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে সিলেট। তবে নাজমুল মিলন (অপরাজিত ৬১) ও ইজাজ আহমেদের (অপরাজিত ২৭) দৃঢ়তায় দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেয় তারা।
রংপুরের বিশ্বনাথ হালদার ৩ উইকেট নেন ৩০ রানে।
