Published : 23 Jun 2019, 11:20 PM
বিশ্বকাপে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার সাকিব। প্রথম চার ম্যাচে করেছেন দুটি করে ফিফটি ও সেঞ্চুরি। সবশেষ ম্যাচে পঞ্চাশ করতে না পারলেও করেছেন ৪১ রান। ৫ ইনিংসে ১০৬.২৫ গড়ে তার রান ৪২৫। বল হাতে নিয়েছেন ৫ উইকেট।
শুধু এই বিশ্বকাপে নয়, সাকিব যে বরাবরই বাংলাদেশের সেরা পারফরমার, নিজ থেকেই সেটি উল্লেখ করলেন গুলবাদিন। তবে তাদের ড্রেসিং রুমেই এমন দুজন আছেন, যারা খুব কাছ থেকে দেখেছেন ও জানেন সাকিবকে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে একই সঙ্গে খেলেন সাকিব, রশিদ খান ও মোহাম্মদ নবি।
গুলবাদিন জানালেন, নবি-রশিদের কাছ থেকে সাকিব সম্পর্কে যতটা সম্ভব জানার চেষ্টা করছেন তারা। পাশাপাশি আশা করছেন, সাকিবের একটি অনুজ্জ্বল দিনের।
“সাকিব যেভাবে তার দলের জন্য পারফর্ম করে চলেছেন, সেটা অসাধারণ। তাকে বা কাউকে কিভাবে আমরা থামাব, সেটির তো নিশ্চিত পথ নেই। নির্ভর করে নির্দিষ্ট দিনের ওপর। কালকে নতুন দিন। নতুন করে শুরু করতে হবে।”
“সাকিব শুধু এই টুর্নামেন্টে নয়, গত দুই বছরে অনেক ভালো খেলেছেন। বাংলাদেশের সেরা ক্রিকেটার সে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নবি ও রশিদের সঙ্গে খেলেছে। আমরা চেষ্টা করছি জানার। যদি কালকে দিনটি তার হয়, তাহলে আবার ভালো খেলবে। আমাদের দিন হলে, শুধু সাকিব নয়, সবার জন্যই কাজটি হবে কঠিন।”