মাহমুদউল্লাহ, মার্শালের শতকে জয়ে ফিরল শেখ জামাল
টানা দুই ম্যাচে হারের পর জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে দলকে জয়ে ফেরাতে শতক করেছেন মাহমুদউল্লাহ ও মার্শাল আইয়ুব।
টুর্নামেন্টে হেরে চলা ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে শেখ জামালের জয়টি ৯০ রানের।
মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯০ রান করে শেখ জামাল। শুরুটাটা অবশ্য ভালো হয়নি তাদের। ৩৪ রানের মধ্যে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল্লাহ আল মামুন ও মাহবুবুল করিম।
৩৯ ওভার স্থায়ী তৃতীয় উইকেটে ২০৩ রানের বিশাল জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান মার্শাল ও মাহমুদউল্লাহ। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম শতকের পর মার্শালের বিদায়ে ভাঙে এই জুটি।
১১৫ বলে খেলা মার্শালের ১০৩ রানের ইনিংসটি গড়া ১২টি চারে।
মার্শালের বিদায়ের পর সিসিএসের বোলারদের ওপর চড়াও হন ম্যাচ সেরা মাহমুদউল্লাহ। ৪৯তম ওভারে ফেরার আগে চলতি আসরে নিজের প্রথম শতকে পৌঁছান এই অলরাউন্ডার। ১৩৯ বলে খেলা তার ১৩০ রানের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ৮টি চার ও ৫টি ছক্কায়।
শুরু থেকেই মন্থর ব্যাটিং করা সিসিএস কখনো জয়ের সত্যিকারের সম্ভাবনা জাগাতে পারেনি। রাজিন সালেহ (৫১), সাইফ হাসানরা (৪৭) পরাজয়ের ব্যববধানই কমিয়েছেন কেবল।
শেখ জামালের জিবন মেন্ডিস, শফিউল ইসলাম ও মুক্তার আলী দুটি করে উইকেট নেন।
প্রথম দুই ম্যাচে জেতা শেখ জামাল হারে পরের দুই ম্যাচে। সিসিএসকে হারিয়ে আবার জয়ে ফেরা দলটি ৬ পয়েন্ট নিয়ে রয়েছে আট নম্বরে। টানা পাঁচ ম্যাচে হারা সিসিএস শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৯০/৫ (মামুন ১৬, মাহবুবুল ১৬, মার্শাল ১০৩, মাহমুদুল্লাহ ১৩০, মুক্তার ১১, মেন্ডিস ৫*, সাদাত ৪*; মেহরাব ৩/৪৫, শাওন ২/৩৮)
ক্রিকেট কোচিং স্কুল: ৪৮.৩ ওভারে ২০০ (সাইফ ৪৭, পিনাক ২৪, রাজিন ৫১, সালমান ১০, অমিত ১১, উত্তম ২০, নাসুম ৩, মেহরাব ০, নবি ১৫*, শাওন ১, রেফাতুজ্জামান ১২; মেন্ডিস ২/১৫, শফিউল ২/২৮, মুক্তার ২/৪০, মার্শাল ১/৫, সোহাগ ১/৩১)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৯০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ।
