২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থারাঙ্গার ব্যাটে শীর্ষে মোহামেডান

উপুল থারাঙ্গার দারুণ ব্যাটিংয়ে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান। এই জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষে উঠেছে মুশফিকুর রহিমের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 06:18 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

মাহমুদউল্লাহ, মার্শালের শতকে জয়ে ফিরল শেখ জামাল
শামসুর, এনামুলের ব্যাটে গাজীর জয়
মার্শালের প্রথম শতক, মাহমুদউল্লাহর পঞ্চম

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতে ২৩১ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।

৮২ রানে তিন উইকেট হারানো কলাবাগান প্রতিরোধ গড়ে দুই অলরাউন্ডার যতিন সাক্সনা ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে। চতুর্থ উইকেটে এই দুই জন গড়েন ১০০ রানের জুটি।

কলাবাগানের ভারতীয় অলরাউন্ডার সাক্সেনার (৯৬) বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সংগ্রহ আরও বড় হয়নি দলটির। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৫০ রান করেন মেহেদি।

জবাবে ২০.৫ ওভারে ১ উইকেটে ৯৭ রান করে মোহামেডান। এরপর বৃষ্টি নামলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দলটির নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২০৭ রান। তিন বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।

দ্বিতীয় উইকেটে ইজাজ আহমেদের (৬০) সঙ্গে থারাঙ্গার ১১১ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় মোহামেডানকে। অধিনায়ক মুশফিকের সঙ্গে ৪৯ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন থারাঙ্গা।

মুশফিকের বিদায়ের পর দ্রুত ফিরে যান আরিফুল হক, নাজমুল হোসেন মিলন ও নাঈম ইসলাম। তবে থারাঙ্গার দৃঢ়তাভরা ব্যাটিংয়ে তিন বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

৯০ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা থারাঙ্গা। এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের ১১৪ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও একটি ছক্কায়।

এটি মোহামেডানের চতুর্থ জয়। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে এসেছে দলটি। রান রেটে তারা পেছনে ফেলেছে প্রাইম দোলেশ্বরকে। টানা পঞ্চম ম্যাচে হারা কলাবাগান রয়েছে একাদশতম স্থানে।

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: ৪৯.২ ওভারে ২৩১ (ইরফান ১০, মাইশুকুর ৩১, যতিন ৯৬, মাহমুদুল ৩, মেহেদি ৫০, তাপস ৯, আরাফাত ২, নুরুজ্জামান ৩, বিশ্বনাথ ০, রিফাত ১৮*, জায়েদ ২; এনামুল জুনিয়র ৩/৪৬, নাঈম জুনিয়র ২/৫৪, নাঈম ২/৫৬, হাবিবুর ১/২৬, শুভাশীষ ১/৩৭)

মোহামেডান: ৪২.৩ ওভারে ২১০/৬ (সৈকত ৯, ইজাজ ৬০, থারাঙ্গা ৯০*, মুশফিক ২৩, আরিফুল ৫, নাজমুল ১, নাঈম ১১, হাবিবুর ৩*; বিশ্বনাথ ২/৩৯, জায়েদ ১/৩৩,মেহেদি ১/৩৪, যতিন ১/৪৫, মাহমুদুল ১/৪৯)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে মোহামেডান ৪ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: উপুল থারাঙ্গা।