২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর, এনামুলের ব্যাটে গাজীর জয়

দুই উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান ও এনামুল হকের দৃঢ়তায় জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 05:55 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

মাহমুদউল্লাহ, মার্শালের শতকে জয়ে ফিরল শেখ জামাল
থারাঙ্গার ব্যাটে শীর্ষে মোহামেডান
মার্শালের প্রথম শতক, মাহমুদউল্লাহর পঞ্চম

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২২৩ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। জবাবে ৪৫ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী।

লক্ষ্য তাড়া করতে নেমে এনামুলের সঙ্গে শামসুর রহমানের ১৫৫ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় গাজীকে। তবে ইনিংসের প্রথম বলেই ফিরে যেতে পারতেন এনামুল। নিহাদুজ্জামানের বলে আব্দুর রাজ্জাককে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।

অর্ধশতকে পৌঁছানোর পর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এনামুল। তবে তারপরও ব্যাটিং চালিয়ে যান এই ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। ২৮তম ওভারে রান নিতে গিয়ে এক পর্যায়ে পড়ে যান তিনি।

এরপর আর ব্যাট করেনি এনামুল। স্ট্রেচার নিয়ে যাওয়া হয় তার জন্য। তবে কিছুক্ষণ পর ফিজিও সঙ্গে হেঁটেই মাঠ ছাড়েন তিনি।

আহত হয়ে অবসর নেওয়ার আগে ৭০ রান করেন এনামুল। তার ৮৩ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও একটি ছক্কায়। এরপর বেশিক্ষণ টেকেননি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শামসুরও (৭৫)। ম্যাচ সেরা এই খেলোয়াড়ের ৯১ বলের ইনিংসটি সাজানো ৯টি চার ও একটি ছক্কায়।

মাশরাফি শামসুরকে ফিরিয়ে দেওয়ার পর কিছুটা চাপে পড়ে গাজী। বিনা উইকেটে ১৭১ থেকে এক সময়ে দলটির স্কোর ছিল ৪ উইকেটে ১৯১ রান। তবে অধিনায়ক অলক কাপালী ও সাঈদ আনোয়ার জুনিয়রের সতর্ক ব্যাটিংয়ে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে গাজী।

এই ম্যাচে ছোট রান আপে বল করেন মাশরাফি। ৪৩ রানে দুই উইকেট নিযে তিনিই দলের সেরা বোলার। দেড় বছর পর প্রথমবারের মতো লিস্ট ‘এ’ ক্রিকেট খেলতে নেমে বিবর্ণ ছিলেন পেসার রবিউল ইসলাম। দুই ওভার বল করে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

এর আগে সাদমান ইসলামের সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটিতে কলাবাগানকে ভালো সূচনা এনে দেন জসিমউদ্দিন। তবে ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি দলটি।

মেহরাব হোসেন জুনিয়র ছাড়া কলাবাগানের প্রথম সাত ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছান। তবে উইকেটে থিতু হয়ে ব্যাটসম্যানরা ফিরে যাওয়ায় বড় লক্ষ্য দিতে পারেনি দলটি। জিম্বাবুয়ের মাসাকাদজা ফেরেন ৪০ রানে। সর্বোচ্চ ৪৭ আসে তাসামুলের ব্যাট থেকে।  

গাজীর অধিনায়ক কাপালী ৩৬ রানে নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান ক্রীড়া চক্র: ৪৮.৪ ওভারে ২২৩ (সাদমান ১৯, জসিম ২৯, মাসাকাদজা ৪০, তাসামুল ৪৭, মেহরাব জুনিয়র ৫, শরিফুল্লাহ ১১, তানভীর ২৬, মাশরাফি ৪, নিহাদ ২, রাজ্জাক ৩০, রবিউল ১*; কাপালী ৩/৩৬, মইনুল ২/২৭, সাঈদ ২/৩৯, সাজেদুল ১/১৮, শরিফ ১/৩০, মেহেদি ১/৩৯)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.৩ ওভারে ২২৫/৪ (এনামুল ৭০*, শামসুর ৭৫, মেহেদি ১১, কাপালী ২৩*, ফারুক ১, ফরহাদ ১০, সাঈদ ১৮*; মাশরাফি ২/৪৩, রাজ্জাক ১/৩০, নিহাদ ১/৫৯)

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: শামসুর রহমান।