মার্শালের প্রথম শতক, মাহমুদউল্লাহর পঞ্চম
অভিষেকের ১০ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম শতক পেয়েছেন মার্শাল আইয়ুব। আইকন খেলোয়াড় মাহমুদউল্লাহ পেয়েছেন চলতি আসরে নিজের প্রথম শতক।
মঙ্গলবার ক্রিকেট কোচিং স্কুল বা সিসিএসের বিপক্ষে বিকেএসপির তিন নম্বর মাঠে মার্শাল ও মাহমুদউল্লাহর শতকে ৫ উইকেটে ২৯০ রান তোলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
চতুর্থ ওভারে ক্রিজে আসেন মার্শাল, ষষ্ঠ ওভারে মাহমুদউল্লাহ। এই দুই জন যখন জুটি বাধেন তখন দলের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। সেখান থেকে ২০৩ রানের জুটি উপহার দেন এই দুই জনে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম শতক পাওয়া মার্শাল ফিরেন ১০৩ রান করে। এই স্টাইলিশ ব্যাটসম্যানের ১১৫ বলের ইনিংসটি গড়া ১২টি চারে।
২০০৫ সালের ৫ ডিসেম্বর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় মার্শালের। সিসিএস ম্যাচের আগে এই সংস্করণে তার সর্বোচ্চ ছিল ৭২; অর্ধশতক ছিল ৮টি।
৭৪ বলে অর্ধশতকে পৌঁছানো মার্শাল নিজের রান তিন অঙ্কে নিয়ে যেতে খেলেন ১১২ বল। অধিনায়ক মাহমুদউল্লাহ অর্ধশতক পৌঁছান ৭৮ বলে, শতকে যেতে তার লাগে ১২২ বল।
১৩৯ বলে খেলা মাহমুদউল্লাহর অধিনায়কোচিত ইনিংসটি গড়া ৮টি চার ও ৫টি ছক্কায়। ঢাকা প্রিমিয়ার লিগে এটি তার দ্বিতীয় শতক। ২০১৩ সালের নভেম্বরে মোহামেডানের বিপক্ষে গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে শতক করেছিলেন তিনি।
মার্শালের কিছু দিন আগে ২০০৫ সালের মার্চে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। প্রথম শতকের জন্য ২০১০ সালের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হয় এই অলরাউন্ডারকে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে মাহমুদউল্লাহর অন্য দুটি শতক জাতীয় দলের হয়ে গত বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে শতক করার কৃতিত্ব তারই।
