২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিদের আইরিশ পরীক্ষা

ভারতে আরেকটি কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে এবার মাশরাফি বিন মুর্তজার দলের প্রতিপক্ষ ক্রিকেট বিশ্বকে অনেক চমক উপহার দেওয়া আয়ারল্যান্ড। হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আইরিশদের বিপক্ষে জিততে নিজেদের সামর্থ্যের সেরা ক্রিকেটই খেলতে হবে চন্দিকা হাথুরুসিংহের শিষ্যদের।  

অনীক মিশকাত অনীক মিশকাত

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 05:01 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরনো খবর:

তামিম তাণ্ডবের পর পণ্ড ম্যাচ
বোলার মাশরাফিও অপরিহার্য
ধর্মশালায় মুস্তাফিজকে নিয়ে সুখবর নেই
বাংলাদেশকে হারানোর ভালো সময়!
সিনিয়রদের ব্যাটিং নিয়ে হাথুরুসিংহের দুর্ভাবনা
ভারতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার হুমকি পাকিস্তানের
আরেকটি বাংলাদেশ-আয়ারল্যান্ড রোমাঞ্চ?
পেশাদার আয়ারল্যান্ডকে সমীহ বাংলাদেশ কোচের
‘আরও চ্যালেঞ্জিং হতে পারে আয়ারল্যান্ড’

আগামী শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিশেন স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে জিতলে সুপার টেনের পথে অনেকটাই এগিয়ে যাবে মাশরাফির দল।

প্রতিকূলতার পাহাড় পেরিয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। ৮ রানের সেই জয় স্বস্তি হয়ে আসে মাশরাফির দলের জন্য। কিন্তু সেই স্বস্তি মিলিয়ে যেতে বেশি সময় নেয়নি। নেদারল্যান্ডস ম্যাচেই বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।

গত ১২ মাস ধরে একই বোলিং অ্যাকশনে বল করে যাওয়া আরাফাত-তাসকিনের বোলিং নিয়ে প্রশ্ন উঠায় ক্ষুব্ধ বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে। তিনি নেদারল্যান্ডস ম্যাচের অফিসিয়ালদের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেন। একই সঙ্গে তিনি জানান, ছেলেরা মানসিকভাবে দৃঢ় আছে। শিষ্যদের খেলায় এর কোনো প্রভাব পড়বে না।

পুরো দল আরাফাত-তাসকিনের পাশে আছে। তাদের বোলিং অ্যাকশন নিয়ে কোন সংশয় নেই হাথুরুসিংহের। কিন্তু টুর্নামেন্টের মধ্যে খেলা বলে নিয়মানুযায়ী ৭ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে দুই বোলারকে।

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠায় এক সময় ছন্দই হারিয়ে ফেলেছিলেন এই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা পেসার আল আমিন হোসেন। ছন্দে ফিরতে তার অনেক দিন সময় লেগেছিল। আরাফাত আর তাসকিনের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি কোনো ভাবেই চাইবে না বাংলাদেশ। কিন্তু দিন শেষে ব্যাপারটা সামলাতে হবে দুই বোলারকেই। তবে অনেক দিন ধরে খেলার অভিজ্ঞতা থাকায় আরাফাতের পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে পারার কথা।

সাম্প্রতিক সময়ে যেভাবে ‘ডেথ ওভারে’ অনেক চাপ নিয়েও চমৎকার বোলিং করছেন তাসকিন, ছোট্ট ক্যারিয়ারে যেভাবে চোট কাটিয়ে বারবার ফিরছেন তিনি তাতে তার মানসিক দৃঢ়তা নিয়েও কোনো সংশয় নেই।

চোটের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ে দলের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানের না খেলা এক রকম নিশ্চিত। তার অনুপস্থিতিতে বোলিং আক্রমণের ধার এমনিতেই কমেছে। দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আরাফাত, এই মুহূর্তে তার কোনো বিকল্প দলে নেই। তাসকিনের জায়গা নিতে পারেন কেবল তরুণ বাঁহাতি পেসার আবু হায়দার।

নেতৃত্বের আরেকটি কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে মাশরাফি। অনুপ্ররণাদায়ী এই অধিনায়ককেই দলকে উজ্জ্বীবিত করে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে নিতে হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে স্নায়ু চাপটুকু কেটে গেছে বাংলাদেশের। এখন কেবল এগিয়ে যাওয়ার পালা।

আর সেই পথে দলকে পথ দেখাতে পারেন ছন্দে থাকা তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগে যে অসাধারণ ব্যাটিং করেছিলেন দেশসেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তা ধরে রেখেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যানের কাছ থেকে এমন আরও অনেক ইনিংসই চাইবে বাংলাদেশ।

শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারছেন না সৌম্য সরকার ও সাব্বির রহমান। প্রতিভাবান দুই টপ অর্ডার ব্যাটসম্যানের কাছ থেকে তামিম যোগ্য সহায়তা পেলে ভালো সূচনা পেতে সমস্যা হওয়ার কথা নয় বাংলাদেশের।

মিডল অর্ডারে ছন্দে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই জনের নিবেদনে কোনো ঘাটতি নেই। যে কোনো সময়ে রানে ফিরতে পারেন এই দুই তারকা। তাদের ব্যর্থতায় অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে ‘ফিনিশার’ মাহমুদউল্লাহ ও নাসির হোসেনকে। 

লড়াইয়ের পুঁজি পেলে বিশ্বের যে কোনো দলের বিপক্ষে লড়াইয়ের সামর্থ্য আছে বাংলাদেশের বোলারদের। চোটের জন্য রুবেল হোসেন, মুস্তাফিজের অনুপস্থিতির পরও বোলিং ইউনিটের পারফরম্যান্স চমৎকার। এশিয়া কাপ-টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে তার প্রমাণ।

বাংলাদেশের আরেক সমস্যা কন্ডিশন। নিজেদের প্রথম ম্যাচ দিনের আলোয় খেলেছিল দলটি। পরের দুই ম্যাচ খেলতে হবে রাতে। অন্য দিকে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল রাতে। সেই অভিজ্ঞতা তারা কাজে লাগাতে পারবে বাংলাদেশের বিপক্ষে।

ওমানের কাছে আয়ারল্যান্ডের ২ উইকেটে হারা ম্যাচে দেখা গেছে শিশির ফ্যাক্টর। বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হয়েছে। পেসারদের ইয়র্কার দিতে খুবই সমস্যা হয়েছে। মাঠ ভেজা থাকা দ্রুত বল ভিজে ভারী হয়ে গেছে। এই সব সমস্যা মোকাবেলা করতে হতে পারে মাশরাফিদেরও।

টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কোনো দলই চাইবে না, প্রথমে ব্যাট করতে। যদিও ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড। একই ভুল দ্বিতীয়বার করতে চাইবেন না তিনি। তবে এশিয়া কাপে রাতে খেলার অভিজ্ঞতা থাকায় ধর্মশালায় মানিয়ে নিতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় মাশরাফিদের।

নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার টেনের পথে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। অন্য দিকে ওমানের কাছে হেরে সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে গেছে আয়ারল্যান্ডের। আরেকটি হারে দলটি ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। তাই মরণকামড়ই দিতে চাইবে আইসিসির সহযোগী দেশটি।

টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড তিন জয় আর এক পরাজয়। তিন জয়ের দুটিতেই ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বরাবরই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে পোর্টারফিল্ডের দলটি। তাই ধর্মশালায় আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের প্রতিশ্রুতি থাকছেই।

পেস বোলার ও ব্যাটসম্যানদের জন্য কিছুটা সহায়ক হলেও ধর্মশালার উইকেটে স্পিনারদের জন্যও ভালো সহায়তা রয়েছে। সাকিব-সানির সঙ্গে স্পিনে আছেন মাহমুদউল্লাহ, নাসির ও সাব্বির। বেশিরভাগ ওভার স্পিনারদের দিয়ে করানোর সুযোগও থাকছে মাশরাফির।

মাশরাফি-আল আমিন-তাসকিনে গড়া পেস বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। চাইলে সৌম্যকে দিয়েও কয়েক ওভার মিডিয়াম পেস করাতে পারেন বাংলাদেশের অধিনায়ক। যথেষ্ট বৈচিত্র্য ও বিকল্প থাকায় বোলিং নিয়ে কোনো দুর্ভাবনা ছিল না বাংলাদেশের। দল না স্বীকার করলেও তাসকিন, সানিকে নিয়ে আইসিসির রিপোর্টের পর চাপটা এসে পড়ছেই।

নেদারল্যান্ডস ম্যাচের আগে যে অবস্থায় ছিল বাংলাদেশ ঘুরে ফিরে আবার সেখানেই ফিরে এসেছে হাথুরুসিংহের দল। আবার বাধার পাহাড় ডিঙাতে হবে তাদের। কেবল আইসিসির সহযোগী দেশ নয় আবার মাশরাফিদের প্রতিপক্ষ কন্ডিশন, এবার যোগ হয়েছে অনাকাঙ্ক্ষিত চাপ। সেই চাপ সামলে কিভাবে এগিয়ে যান মাশরাফিরা সেটাই দেখার অপেক্ষা।