২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার হুমকি পাকিস্তানের

নিরাপত্তার নিশ্চয়তা না দিলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পাকিস্তান যাবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 12:33 AM

Updated : 12 Apr 2022, 01:36 AM

নিরাপত্তা নিয়ে শঙ্কায় ধর্মশালা থেকে বিশ্বকাপের অতি আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ কলকাতায় সরিয়ে নেওয়া হয়। কিন্তু পাকিস্তানের কর্মকর্তারা এটায় পুরোপুরি সন্তুষ্ট হননি।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী চৌধুরি নাসির আলি খান সাংবাদিকদের বলেন, “সরকারী পর্যায় থেকে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়া হলে আমরা পাকিস্তানি দলকে ভারত যাওয়ার অনুমতি দিতে পারি না।”

আইসিসি অবশ্য বুধবার জানিয়েছে, ভেন্যুগুলোর সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষগুলো নিরাপত্তার নিশ্চয়তা আইসিসিকে দিয়েছে।

সম্প্রতি হিমাচল প্রদেশের মূখ্যমন্ত্রী জানান, এই ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা তার সরকার হয়ত দিতে পারবে না। এর পর থেকেই ধর্মশালায় খেলা নিয়ে উদ্বেগ দেখিয়ে আসছিল পাকিস্তান।

পাকিস্তান ধর্মশালায় তিন সদস্যের একটি পরিদর্শক দল পাঠায়। ভেন্যু পরিদর্শন করে তারা খুশি হতে পারেনি। গত মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া প্রতিবেদনে পাকিস্তানকে ধর্মশালায় না খেলার সুপারিশ করে তারা। এর পর দিনই আইসিসি ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।