‘আরও চ্যালেঞ্জিং হতে পারে আয়ারল্যান্ড’
নেদারল্যান্ডসের চেয়ে আয়ারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, রাতের ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো আরও চ্যালেঞ্জিং হবে।
গত বুধবার নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। আগামী শুক্রবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির দল।
ডাচদের বিপক্ষে দিনের বেলায় খেলেছিল বাংলাদেশ। নিজেদের পরের দুই ম্যাচ রাতে খেলতে হবে চন্দিকা হাথুরুসিংহের শিষ্যদের। তাই রাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেই মনোযোগ এখন মাশরাফিদের।
“দিনের ম্যাচের চেয়ে রাতের ম্যাচের কন্ডিশন পুরো আলাদা। আরও কঠিন হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে।”
বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে খেলে উইলিয়াম পোর্টারফিল্ডরা। টস জিতে ব্যাটিং নেওয়া আয়ারল্যান্ডকে বোলিংয়ের সময় শিশির বেশ ভুগিয়েছে। ওমান ইনিংসে পেসারদের বল গ্রিপ করতে বেশ সমস্যা হয়ছে।
সমস্যার পাহাড় ডিঙিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মাশরাফি জানান, প্রথম ম্যাচ জেতায় অনেক স্বস্তি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তারা।
“প্রথম ম্যাচ আমরা জিতেছি, সেই আত্মবিশ্বাস, ভালো অনুভূতি নিয়ে নামতে পারব অবশ্যই। আমি মনে করি, ভালো ম্যাচ হবে।”
নিজেদের প্রথম ম্যাচে ওমানের কাছে দুই উইকেটে হেরেছে ক্রিকেট বিশ্বকে অনেক অঘটন উপহার দেওয়া আয়ারল্যান্ড। তবে তাদের প্রতি সমীহের কমতি নেই বাংলাদেশের অধিনায়কের।
“আয়ারল্যান্ড আমাদের সঙ্গে অনেক ম্যাচ খেলেছে। টি-টোয়েন্টি অনেক খেলে, ভালোও খেলে। আমাদেরকে সেরাটাই খেলতে হবে।”
