২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মশালায় মুস্তাফিজকে নিয়ে সুখবর নেই

এখনও কোনো সুখবর নেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে। বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা এক রকম নিশ্চিত। তবে যত দ্রুত সম্ভব এই পেস বোলিং সেনসেশনকে সারিয়ে তোলার চেষ্টা চলছে। 

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:56 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, মুস্তাফিজের অভাব অনুভব করেছিলেন তিনি। 
 
শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফির দল। তার আগের দিন সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে জানান, এখনও শতভাগ ফিট নন মুস্তাফিজ। 
 
“আগামীকাল আমরা তার অবস্থা দেখব। সে খেলার জন্য তৈরি কি না এ ব্যাপারে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পারছি না।”  
 
বৃহস্পতিবার ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। এদিনই মুশফিকুর রহিম-নাসির হোসেন-সাব্বির রহমানদের সঙ্গে মাঠে আসেন মুস্তাফিজ। কোনো বল করেননি কিন্তু কিছুক্ষণ নিজেদের বোলিং রান আপে বল হাতে দৌড়েছেন এই তরুণ বাঁহাতি পেসার। 
 
গত কিছু দিন ধরেই নেটে দলছুট মুস্তাফিজ। এক পাশে তাকে নিয়ে ব্যস্ত সময় কাটান ফিজিও বায়েজিদুল ইসলাম। মুস্তাফিজের পুরোটা সময় কাটে নানা ফিটনেস ড্রিল করে। এশিয়া কাপে খেলার সময় চোটে পড়ার পর থেকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার।
 
নেদারল্যান্ডস ম্যাচের আগে দলের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিল, সেরে উঠতে আরও ৭ থেকে ১০ দিন সময় লেগে যেতে পারে মুস্তাফিজের। ভাগ্য খারাপ হলে আরও দিন দুয়েক বেশি সময় লাগতে পারে। তাই প্রথম রাউন্ডে সেরা বোলারকে ছাড়াই হয়ত মাঠে নামতে হতে পারে বাংলাদেশের।