২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারানোর ভালো সময়!

বাংলাদেশের দুর্দান্ত ফর্মে ভড়কে যাচ্ছে না আয়ারল্যান্ড। বরং বড় শিকারের আশায় আরও বেশি উজ্জীবিত আইরিশরা।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 04:18 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

টি-টোয়েন্টিতে কিছুদিন আগেও নড়বড়ে ছিল বাংলাদেশ। গত কদিনে বদলে গেছে চিত্র। পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছে মাশরাফি বিন মুর্তজার দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

সবশেষ ৯ ম্যাচের ৬টিতেই হেরেছে আয়ারল্যান্ড। হেরেছে পাপুয়া নিউ গিনি, হংকংয়ের মতো দলের কাছে। বাংলাদেশের জয়ের রাতে হেরেছে নবীন ওমানের কাছেও।

তবে আশা ছাড়ছে না আইরিশরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক গ্যারি উইলসন জানান, ফর্মে থাকা বাংলাদেশকে হারানোর হাতছানিই তাদের অনুপ্রেরণা।

“এটাই তো ওদের হারানোর ভালো সময়, তাই নয় কি! দেখুন, এমন নয় যে, এবারই প্রথম আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আগেও বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছি আমরা। জানি বাংলাদেশ ভালো দল, উন্নতি করছে। কিন্তু আমরাও ছেড়ে কথা বলব না।”

বাংলাদেশের বিপক্ষে অতীত রেকর্ড প্রেরণা জোগাচ্ছে আইরিশদের।

“বাংলাদেশের বিপক্ষে আমাদের রেকর্ড খারাপ নয়। ওদেরকে আমরা আগে হারিয়েছি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হারিয়েছি। আরও অনেক ম্যাচেই অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবারও আমরা লড়াই না করে ছাড়ব না।”